প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকস্তব্ধ ফরাক্কা
রহমতুল্লাহ, নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক আর নেই। রবিবার ভোরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান নেতা। তাঁর মৃত্যুর খবর ছড়াতেই ফরাক্কা ও মুর্শিদাবাদ জুড়ে নেমে আসে শোকের ছায়া।
কংগ্রেসের প্রবীণ নেতা হিসেবে বহু বছর ফরাক্কা বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সহজ-সরল স্বভাব ও জনপ্রিয়তার কারণে মানুষের মধ্যে ছিলেন অত্যন্ত প্রিয়। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজ্য তৃণমূলের সহ-সভাপতির দায়িত্বও পান।
মইনুল হকের প্রয়াণে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বিধায়ক জাকির হোসেন-সহ অনান্য নেতা কর্মীরা। তাঁর অবদান দীর্ঘদিন মনে রাখবে মুর্শিদাবাদবাসী।








