মদের দোকান ঘিরে মহিলাদের তীব্র ক্ষোভ
আবু রাইহান, নতুন পয়গাম, কালিয়াচক:
কালিয়াচকের চৌরঙ্গী নিকটস্থ পুরাতন বাবুরহাট এলাকায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষত এলাকার মহিলারা দোকানটির উপস্থিতিকে উদ্বেগজনক বলে দাবি করে নানা অসুবিধা ও আতঙ্কের কথা জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, মদের দোকানটির আশেপাশে একটি আপার প্রাইমারি ও একটি প্রাইমারি স্কুল এবং কালিয়াচক গার্লস স্কুলের শতাধিক বিদ্যালয়ছাত্রী প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কাছেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল ও একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র। এ ধরনের সংবেদনশীল ও জনবহুল এলাকায় মদের দোকান থাকার কারণে অনেকে উদ্বিগ্ন।
মহিলাদের অভিযোগ, প্রতিদিন মদ ক্রয় করতে আসা মাতালদের গ্রুপ থেকে রাস্তায় অবাঞ্ছিত আচরণ, মহিলা উত্যক্তকরণ ও অশালীন মন্তব্যসহ পাশের বাড়ির মহিলাদের প্রতি হুমকির ঘটনাও ঘটছে। এসব ঘটনায় নারীশিক্ষার্থী ও সাধারণ নারীরা নিরাপদে ঘোরাফেরা করতে পারছে না, তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে তারা জানিয়েছেন।
অতীতে দোকানটি নিয়ে একাধিকবার প্রতিবাদ ও বিক্ষোভ করা হয়েছে। কয়েকবার শতাধিক মহিলা ওই দোকানের সামনে জমায়েত হয়ে অভিযোগ জানান এবং মালদা সদরের এসডিও, জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। অভিযোগ জানিয়েছেন সত্ত্বেও দোকানটি বন্ধ না হওয়ায় শনিবার আবারও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং দোকানের সামনে বিক্ষোভ করে।
বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জানিয়েছেন, তাঁরা প্রশাসনকে সতর্ক করেছেন। তাঁদের মতাদর্শ—
“সাত দিনের মধ্যে দোকান বন্ধ করা না হলে বড় আন্দোলন গড়ে তোলা হবে।”
এ বিষয়ে এলাকাগত প্রশাসন বা দোকানদারের মন্তব্য পাওয়া যায়নি।







