“ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..!
নতুন পয়গাম, বানারহাট: ঈদুল আযহা উপলক্ষে ইসলামিক সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে বানারহাট থানায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। এদিন বানারহাট ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের বহু মানুষ এই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে মূলত ঈদুল আযহা তথা বকরি ঈদ উপলক্ষে কুরবানির নিয়ম-কানুন এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলার বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মসজিদের মাইকে কম ভলিউমে আজান দেওয়ার বিষয়েও নির্দেশ দেন বানারহাট থানার আইসি সুরোজ থাপা। তিনি জানান, নিয়ম মেনে নির্দিষ্ট বাড়ির মধ্যেই ছাগল কুরবানি দেওয়া যাবে। কুরবানির সময় যাতে সাধারণ মানুষ বা পথচলতি কারও অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর রাখার আবেদন জানান তিনি। এছাড়াও কুরবানির পর রক্ত, চামড়া ও হাড় যেন কোথাও ছড়িয়ে-ছিটিয়ে না থাকে, সেই বিষয়েও সতর্ক করেন আইসি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল। অন্যদিকে বৈঠকে উপস্থিত ইসলামিক সম্প্রদায়ের একাধিক মানুষ জানান, তারা গরু কুরবানি দেবেন না, পরিবর্তে নিয়ম মেনে ছাগল কুরবানি দেবেন। পুলিশের পক্ষ থেকে যেভাবে সচেতন করা হয়েছে এবং সমস্ত বিষয় বুঝিয়ে বলা হয়েছে, তাতে তারা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তারা গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার আবেদনও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান।








