সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল
নতুন পয়গাম, বানারহাট: সিএবি পরিচালিত জলপাইগুড়ি জেলা আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৫ ক্রিকেট প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়নের শিরোপা জয় করল ধূপগুড়ি হাই স্কুল। গত ৫ মে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার মোট ৯টি স্কুল অংশগ্রহণ করে। খেলাগুলি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি আরএসএ ময়দানে। সোমবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় ধূপগুড়ি হাই স্কুল এবং জলপাইগুড়ি জেলা স্কুল। সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হয়। পরে ওভার কমিয়ে ১৫ ওভারের ম্যাচ করা হয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি জেলা স্কুল। নির্ধারিত ১৫ ওভারে তারা ১০১ রানে থেমে যায়। দলের হয়ে রাজদীপ রায় সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়াও শিলাব্রত রায় ২৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ধূপগুড়ি হাই স্কুলের হয়ে দুরন্ত বোলিং করেন রিক ঘোষ। তিনি ৩ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন।
১০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ধূপগুড়ি হাই স্কুল ১৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। তারা ৬ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়। দলের হয়ে সিদ্দাম পাল ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পাশাপাশি বিকাশ মালো দাস করেন ২৭ রান। জলপাইগুড়ি জেলা স্কুলের হয়ে সায়ন মাহাতো ২ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। প্রথমবার জেলা ইন্টার স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় ধূপগুড়ি হাই স্কুলের ছাত্র, শিক্ষক এবং সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। বিজয় উল্লাসে মেতে ওঠে গোটা স্কুল পরিবার।








