নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার
নতুন পয়গাম, হাসান লস্কর, নরেন্দ্রপুর, দক্ষিণ চব্বিশ পরগনা: নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় অবশেষে গ্রেপ্তার হল অভিযুক্ত। মঙ্গলবার ভোররাতে বছর বাষট্টির ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিন কয়েক আগে নরেন্দ্রপুর থানা এলাকার বছর এগারোর এক নাবালিকাকে প্রতিবেশী ওই বৃদ্ধ যৌন হেনস্থা করে। গত ১১ মে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে অভিযুক্ত বেশ কয়েকদিন পলাতক ছিল। অভিযুক্তকে ধরতে পুলিশের পাঁচটি টিম আলাদা আলাদা ভাবে তল্লাশি চালায়। অবশেষে মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য অর্ঘ্য মন্ডলের টিম পার্শ্ববর্তী একটি থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, সোমবার নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বারুইপুর পুলিশ জেলার সুপারের দফতরে এসে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের জন্য পুলিশকে বলেন। বুধবার ধৃতকে আদালতে তোলা হয়। অভিযুক্তকে হেফাজতে নিয়ে আরও তদন্ত চালাতে চায় পুলিশ।








