জায়গা জমি নিয়ে মারপিঠের ঘটনায় গ্রেপ্তার ২ জয়নগরে
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর, ১৬ মে: জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের প্রতিবেশী ও আত্মীয়ের সঙ্গে বচসা ও মারপিঠের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল জয়নগর থানার পুলিশ। শুক্রবার জয়নগর থানার উত্তর দুর্গাপুর এলাকায় পৃথক দুটি ঘটনায় এই গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম ঘটনায় নিজের প্রতিবেশীর সঙ্গে মারপিঠের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আবদুল রাজ্জাক সেখ (৩৬)। অপর ঘটনায় নিজের আত্মীয়ের সঙ্গে জায়গা জমি নিয়ে মারপিঠের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আনারুদ্দিন সেখ (৩৭)। দুজনের বাড়িই উত্তর দুর্গাপুরের সেখ পাড়া এলাকায়। শনিবার গ্রেপ্তার দুই ব্যক্তিকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় জমি সংক্রান্ত বিরোধ পুরনো হলেও শুক্রবার সহিংস রূপ নেয় বলেও জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।








