ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: সুন্দরবন লাগোয়া কুলতলির চুপড়িঝাড়া এলাকায় বৃহস্পতিবার উদ্বোধন হল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের দলীয় কার্যালয়। একই দিনে জয়নগর ২ ব্লকের ম্যারেজ রেজিস্ট্রি অফিসও শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলি বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল, অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক বাকিবিল্লাহ মোল্লা, জয়নগরের ম্যারেজ রেজিস্টার বাকিবিল্লাহ খাঁন ও অন্যান্য সমাজসেবীরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইমাম সংগঠন স্পষ্ট বার্তা দেয়। অ্যাসোসিয়েশনের সভাপতি বাকিবিল্লাহ মোল্লা জানান, ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী রাজনৈতিক শক্তির প্ররোচনায় পা না দিয়ে সাধারণ মানুষের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বারের জন্য ক্ষমতায় আনতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী সভায় কুলতলি বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল বলেন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় উস্কানিমূলক প্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে বিভেদকারী শক্তিকে পরাস্ত করার আহ্বান জানান। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক স্পষ্ট জানিয়ে দেন, সংখ্যালঘু ভোটব্যাংক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হবে। সংগঠনটি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের বিপদে এগিয়ে আসার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।








