হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র্যালি
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ “নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ হল শক্তিশালী গণতন্ত্র”- এই স্লোগানকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের নির্বাচনী সাক্ষরতা ক্লাবের উদ্যোগে এবং হুগলি জেলা নির্বাচনী দপ্তরের ব্যবস্থাপনায় আজ হুগলি জেলা শাসকের দপ্তর থেকে একটি র্যালি বের হয়। এই র্যালির সূচনা পর্বে রিষড়া বামুনপাড়ার যুবতী ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত সাইকেল রেসে কৃতি হাসি দুলে’কে জেলা পূর্ত দপ্তরের আইকন হিসেবে সংবর্ধিত করা হয়। চরম উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পতাকা নাড়িয়ে এই র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন হুগলির জেলা শাসক খুরশিদ আলম কাদরী। ভোটারদের ভোটদানে সচেতন করার জন্য ট্যাবলোর মাধ্যমে প্রচার করা হয়। এই ট্যাবলো চুঁচুড়া শহর পরিক্রমা করে পুনরায় শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এই প্রচার কর্মসূচিতে স্থানীয় হুগলি বালিকা বাণী মন্দির, সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম এবং দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচিকে আরো আকর্ষণীয় করার জন্য আদিবাসী ও লোকসংস্কৃতি শিল্পীরাও তারা নৃত্য পরিবেশন করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। ভোটারদের সচেতনতা কর্মসূচি সম্পর্কে জেলা শাসক জানান নতুন ভোটারদের নাম তোলা থেকে সংশোধন এবং যাঁরা নির্বাচক তালিকা থেকে বাদ গেছেন তারা পুনরায় কিভাবে আবেদন করতে পারবেন সেই প্রচারের ব্যবস্থা থাকছে।








