খয়রামারি হাই স্কুলে ৩০তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
নতুন পয়গাম: বুধবার জলঙ্গী ব্লকের খয়রামারি হাই স্কুলে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয়ের ৩০তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হলো। বিদ্যালয় প্রাঙ্গণে দিনভর এই ক্রীড়ানুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আবহ। বিদ্যালয়ের সভাপতি ওয়াহিদুজ্জামান বিশ্বাস (রেন্টু) এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল মণ্ডলের সার্বিক তত্ত্বাবধানে, ক্রীড়া শিক্ষক মুখলেসুর রহমানের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠুন বিশ্বাসসহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। বিভিন্ন ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। ছাত্রছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও বিদ্যালয় কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গোটা অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। পড়ুয়াদের খেলা উপভোগ করতে স্কুল মাঠে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।








