মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল
নতুন পয়গাম: মহেশতলার মোল্লার গেট এলাকায় এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। নির্যাতিতা ও স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এ এলাকায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলতো।এর বিরুদ্ধে প্রতিবাদ করায় অভিযুক্তরা ঐ মহিলার উপর আক্রমণ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তথ্যানুসন্ধানকারী দল নির্যাতিতার সাথে সাক্ষাৎ করেন। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের থেকেও তথ্য অনুসন্ধান করেন। এরপর সিপিডিআরএস ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পক্ষ থেকে মীনা পান্ডে, চন্দ্রভান পাল,পুলক দে, মল্লারিকা দেব ও সুজয় দাস মহেশতলা থানার পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এপ্রসঙ্গে সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও মহেশতলা বজবজ সাতগাছিয়া জোনাল কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট মীনা পান্ডে বলেন “আমরা নির্যাতিতার সুরক্ষার পাশাপাশি এই ঘটানায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ঐ এলাকায় সমস্ত রকমের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।” ইতিমধ্যে এগারো জনের বিরুদ্ধে মহেশতলা থানায় এফআইএর দায়ের হয়েছে।এরই ভিত্তিতে অভিযুক্তদের কয়েক জন গ্রেফতার হয়েছে।








