নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা !
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ স্থানীয় নানাই নদীর বালি-পাথর ব্যবহার করে নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব দুরামারি দেন্নিয়া পাড়া এলাকায়। অভিযোগ চন্দ্রর বাড়ি থেকে রাতিরাম ওরার বাড়ি পর্যন্ত একটি সি সি রাস্তার জন্য প্রায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকা বরাদ্দ হয়েছে।সেই রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কাজের কোনও ফলকও বসানো হয়নি। গ্রামবাসীদের আরও অভিযোগ ঘাসের উপর দিয়েই কংক্রিটের ঢালাই করা হচ্ছে ফলে খুব অল্প সময়ের মধ্যেই রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তার উপর বাঁশ বেঁধে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন। প্রতিবাদকারীদের দাবি দ্রুত সঠিক মান বজায় রেখে রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে। এছাড়াও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। একাংশ গ্রামবাসীর অভিযোগ।
পূর্ব দুরামারি এলাকার এক পঞ্চায়েত সদস্যের স্বামী ঠিকাদার সংস্থাকে নিম্নমানের কাজ করার অনুমতি দিয়েছেন। এই অভিযোগের জেরে বিক্ষোভকারীরা ঠিকাদারের গাড়ি। ঢালাই মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম আটকে দেন। তবে এই বিষয় পূর্ব দুরামারি এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী প্রদীপ রায় সমস্ত অভিযোগে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। পাশাপাশি শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায়ের সঙ্গে যোগাযোগ করবে তিনি বলেন। নিম্নমানের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পে গাফিলতি মেনে নেওয়া হবে না।








