২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ২১ দফা দাবিকে সামনে রেখে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করল যুব কংগ্রেস। সোমবার দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় কংগ্রেসের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন। এদিন দলীয় নির্বাচনী কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিলের সূচনা হয়। মিছিলটি ধূপগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সুপার মার্কেট এলাকা হয়ে এসডিও অফিসে পৌঁছায়। সেখানে প্রতিনিধিদল এসডিওর উদ্দেশ্যে ২১ দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেয়।
কংগ্রেস নেতৃত্বের দাবি, এখনও বহু বৈধ ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। ফলে তাঁরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। তাই অবিলম্বে সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের কাজ দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানানো হয়। নেতৃত্বের বক্তব্য, গণতন্ত্রের মূল ভিত্তি হল ভোটাধিকার। সেই অধিকার থেকে কোনও যোগ্য নাগরিক যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা নির্বাচন কমিশন ও প্রশাসনের দায়িত্ব। এই বিষয়েই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে যুব কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের জেলা, ব্লক এবং স্থানীয় নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হলেও শহরের রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ আলোচনার সৃষ্টি হয়েছে।








