সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব”
নতুন পয়গাম: বর্তমান সংকটময় পরিস্থিতিতে এলাকার সকল নাগরিক, জাতি, ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পবিত্র ঈদ উপলক্ষে গত রবিবার ১৪ই জুন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে অনুষ্ঠিত হল “বাঙালির মাংস-ভাত উৎসব”, সঙ্গে স্মারক বক্তব্য “আগামীর পটাশপুর ভাবনা”। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও ভোজন রসিকতার মেলবন্ধনে গড়ে উঠেছিল মাংস- ভাতের সুস্বাদু সম্পর্ক ও বাঙালির ছকভাঙা আড্ডা। যখন মানুষ ঘৃণা করতে শিখছে ভালবাসার চেয়ে দ্রুত, তখন পটাশপুর নাগরিকবৃন্দ ও আত-তাহির এডুকেশনাল অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের যৌথ উদ্যাগে নির্ভেজাল ভালবাসা বিতরণ এবং পটাশপুরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চিত্র উঠে এসেছে গুণিজনের আলোচনায়।

এই অনুষ্ঠানের মূল আয়োজক ওয়াহেদ মির্জা ও মুহাম্মদ সামসের খান আশাবাদী যে, প্রত্যেক বছর যেন আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বুদ্ধিবৃত্তিক আলোচনা ও মিলনভোজ করতে পারি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর প্রাথমিক স্কুলের শিক্ষক শান্তনু কর, শিক্ষক মৃনাকান্তি জানা, শিক্ষক সুদীপ বাবু, শিক্ষক পীর আবুযর ফায়জুর রহমান, সমাজসেবী মৃণালকান্তি দাস, টুপাই ভট্টাচার্য, কবি শিশির আচার্য, সুজাতা জানা, ব্যবসায়ী সেখ আব্দুল খালেখ, শিক্ষক সূর্যেন্দু বিকাশ পাত্র, শিক্ষক সৈয়দ রউফ, সাহেব খান, আলমগীর, সৈয়দ বাবুল, সৈয়দ জুনেইদ, সৈয়দ দুলাল, মীর ইদবার-সহ আরও অন্যান্য গুণীজন ও সমাজসেবী এবং সুচিন্তকগণ।








