“গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা
নতুন পয়গাম, মালদহ: মালদহের মোথাবাড়িতে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আশঙ্কায় বামদল সিপিআইএমের উদ্যোগে মঙ্গলবার এক প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়। এস.আই.আর (Special Intensive Revision) প্রক্রিয়ার মাধ্যমে কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না— এই দাবিকে সামনে রেখে এদিন রাস্তায় নামেন দলের নেতাকর্মীরা। এদিন সকালে মোথাবাড়ি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সিপিআইএম কর্মী-সমর্থকরা একত্রিত হয়ে একটি মিছিলের আয়োজন করেন। মিছিলটি মোথাবাড়ির গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে, যেখানে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে স্লোগান তুলতে থাকেন। তাদের মূল দাবি ছিল, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের অধিকার খর্ব করা যাবে না এবং প্রশাসনকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।
মিছিল শেষে বিক্ষোভকারীরা কালিয়াচক-২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের সামনে গিয়ে জড়ো হন।
সেখানে তারা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন নেতাকর্মীরা অভিযোগ করেন, এস.আই.আর প্রক্রিয়ার মাধ্যমে অনেক সময় নিরীহ ও বৈধ ভোটারদের নাম বাদ পড়ে যাচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার হরণের সামিল। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পরে সিপিআইএমের একটি প্রতিনিধি দল বিডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেয়। সেই ডেপুটেশনে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশ, অযথা হয়রানি বন্ধ এবং সকল বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত রাখার দাবি জানানো হয়। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা আসরাউল হক সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল।








