আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা: বৈধ ভোটারদের নাম বাদ ও বৈধ ভোটারদের বিচারাধীন করার প্রতিবাদে আমজনতা উন্নয়ন পার্টি বৃহস্পতিবার মালদহ জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করে। এদিন জেলার অতিরিক্ত জেলাশাসক কৌশিক ভট্টাচার্যকে ডেপুটেশন প্রদান করে দলের পক্ষে এক প্রতিনিধি দল। দলের পক্ষে জেলার বাদ পড়া ও বিচারাধীন বৈধ ভোটারদের নাম ফাইনাল ভোটার তালিকায় রাখার জোরালো দাবি জানানো হয়।
জানা গিয়েছে, এদিন জেলা সদরের রথবাড়ি ফ্লাই ওভারের নিচে দলের নেতা কর্মীরা জমায়েত হন। সেখান থেকে দলের নেতা কর্মীরা জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন প্রদান করতে যান। ডেপুটেশন কর্মসুচিতে উপস্থিত ছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক নাসিমুল হক, মাওলানা নিজামুদ্দিন কাসেমী, রয়্যাল ইসলাম, দলের মালদা জেলা সভাপতি হাজী ইউনুস আলী, অবজারভার আবু মিন্নাত শেখ, তোহিদুর রহমান সহ রাজ্য এবং জেলার একাধিক নেতৃত্ব। ডেপুটেশন এই প্রসঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশন সাধারণ মানুষকে এক প্রকার নির্যাতন করছে। মালদহের বাদ পড়া ও বিচারাধীন বৈধ ভোটারদের নাম নির্বাচনের আগে ফাইনাল ভোটার তালিকায় তুলতে হবে। আগে ভোটারের নাম তারপর ভোট হবে। কোনও বৈধ ভোটারকে ট্রাইব্যুনালে পাঠানো যাবে না। বৈধ ভোটারদের হয়রানির বিরুদ্ধে দল সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে।








