হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ
নতুন পয়গাম: রবিবার ৩১ মে শেষ হল আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। মুখোমুখি বিবেকানন্দ ফুটবল কোচিং সেন্টার ও বাসুবাটী শ্রীরামপুর নবীন সংঘ। এদিন হরিপালের ক্রীড়ামোদিদের নজর ছিল এক হাইভোল্টেজ ফুটবল ফাইনাল ম্যাচের দিকে। স্থানীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত বা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এবারের টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফাইনালের টিকিট পাকা করেছে এলাকার দুই শক্তিশালী দল — হরিপাল বিবেকানন্দ ফুটবল কোচিং সেন্টার এবং বাসুবাটী শ্রীরামপুর নবীন সংঘ।
ক্ষুদে ফুটবলারদের এই মেগা ফাইনাল ঘিরে ইতিমধ্যেই হরিপালের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত বিবেকানন্দ FCC দল ট্রফি ঘরে তোলে। স্থানীয় সমস্ত ফুটবলপ্রেমী মানুষ মাঠে এসে জুনিয়র ও মহিলা ফুটবলারদের উৎসাহিত করেন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ভারতীয় তথা মোহনবাগান, ইষ্টবেঙ্গলের ফুটবলার সুদীপ চক্রবর্তী, অধ্যাপক মৈনাক ঘোষ ও হরিপালের বিধায়ক মধুমিতা ঘোষ প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুদীপ চক্রবর্তী বলেন, হরিপাল বা সিঙ্গুরের টিম কে জিতল সেটা বড় কথা নয়, জিতল বাঙালির চিরন্তন আবেগ ফুটবল। ছোটদের ফুটবল দেখতে এত মানুষ এসেছেন, এটাই বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই সম্ভবনাময় বাঙালি জুনিয়র ফুটবলার এবং মহিলা ফুটবলাররা আগামী দিনে বাংলার সম্পদ হয়ে উঠুক, এই আশা রাখেন তিনি। সম্পাদক অতীশবাবু বলেন, আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করা হবে।








