ধূপগুড়িতে দুঃসাহসিক চুরি, বাড়িতে লোক থাকা সত্ত্বেও নগদ টাকা ও সোনা নিয়ে পালাল চোর
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ধূপগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িতে পরিবারের সদস্য উপস্থিত থাকা সত্ত্বেও চোরেরা তালা ভেঙে নগদ প্রায় ৬৫-৭০ হাজার টাকা ও প্রায় ১৮-২০ গ্রাম সোনা নিয়ে চম্পট দেয়। বাড়ির মালিক মৌমিতা চৌধুরী পেশায় একজন শিল্পী। তিনি জানান, পেশাগত কারণে রাতে বাইরে গান করতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে তিনি লক্ষ্য করেন বাড়ির উপরের গেট খোলা অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে জানা যায়, উপরের গেটে তালা দেওয়া ছিল না বলে মনে করা হয়েছিল। এরপর উপরে উঠে তিনি দেখতে পান একটি ঘরের তালা কাটা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে রয়েছে। ড্রেসিং টেবিল খোলা ছিল এবং সেখানে রাখা নগদ টাকার ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। তখনই স্পষ্ট হয় যে বাড়িতে চুরি হয়েছে।
মৌমিতা চৌধুরীর অভিযোগ, তাঁর সাম্প্রতিক ৫–৭টি অনুষ্ঠানের পারিশ্রমিক বাবদ রাখা আনুমানিক ৬৫–৭০ হাজার টাকা এবং প্রায় ১৮–২০ গ্রাম সোনা চুরি হয়েছে। তিনি ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান। খবর পেয়ে ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।








