মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেফতার ৫ যুবক
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র চৌপথি এলাকায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। এদিন একটি বেসরকারি হোটেলের পাঁচতলার ২৩ নম্বর ঘর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা সকলেই পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চৌপথি এলাকার ওই হোটেলে হানা দেয় ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। হোটেলের পাঁচতলার ২৩ নম্বর ঘরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নিষিদ্ধ ব্রাউন সুগার। মাদক উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে ফেলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থলে উপস্থিত হন ধূপগুড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা ও ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য। তাঁদের উপস্থিতিতেই আইনি প্রক্রিয়া মেনে মাদক উদ্ধার ও গ্রেফতারির কাজ সম্পন্ন করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে সবজির ব্যবসার আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিল। বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার সরবরাহ করার পরিকল্পনাই ছিল তাদের। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও বাজারমূল্য খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানতে ধৃতদের জেরা শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। পাশাপাশি মাদক চক্রের শিকড় পর্যন্ত পৌঁছতে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুলিশের অনুমান, এর সঙ্গে একটি বড় মাদক চক্র জড়িত থাকতে পারে। এই ঘটনায় ধূপগুড়ি শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের ব্যস্ত এলাকায় হোটেলের ভিতরে এই ধরনের অবৈধ কার্যকলাপের ঘটনা সামনে আসায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার দাবি উঠছে।








