নেতিবাচকতার মোড়ক ছেয়ে আসুন পজিটিভ হই
নতুন পয়গাম:
জীবনে অনেক ঘটনাই ঘটে, যেগুলো সরাসরি আমাদের নিয়ন্ত্রণাধীন না। তবে আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাব, সেটি সম্পূর্ণই আমাদের হাতে। তাই প্রতিক্রিয়ায় কিছুটা পজিটিভিটি বা ইতিবাচকতা আনতে পারলেই অনেক নেগেটিভ বা নেতিবাচক ঘটনার প্রভাব কম হয়। নেতিবাচক চিন্তা দীর্ঘমেয়াদে দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশা ও মানসিক চাপ তৈরি করতে পারে। এ ধরনের ভাবনা থেকে মুক্ত থাকার একটি গুরুত্বপূর্ণ পথ হল, এর কারণ খুঁজে দেখা এবং নির্দিষ্ট কৌশলের মাধ্যমে মানসিক চাপ কমানো।
মনোযোগের অনুশীলন:
অস্থির পরিস্থিতিতে নিজেকে কিছুক্ষণের জন্য একা রেখে শান্ত পরিবেশে মনোযোগ ধরে রাখা যেতে পারে। চারপাশের সব বিভ্রান্তি সরিয়ে কোনো ইতিবাচক দৃশ্য বা স্মৃতি কল্পনা করে তাতে মন স্থির রাখুন। এটা অবশ্যই নিয়ম করে ধ্যান হতে হবে, এমন নয়; নিজের মতো করে ইতিবাচকতার অভ্যাস গড়ে তোলাই মূল উদ্দেশ্য।
ভাবনার প্রবাহ থামিয়ে না দেওয়া:
কোনো বিষয়কে উপেক্ষা করলেই তা শেষ হয়ে যায় না; বরং তা আরও গুরুত্ব পায়। ঠিক তেমনই নেতিবাচক অনুভূতি বা চিন্তাও। তাই কোনো নেতিবাচক ভাবনা মাথায় এলে, তা জোর করে আটকে না রেখে স্বাভাবিকভাবে আসতে দিন; এতে তার প্রভাব কমে।
ভাবনা বদলে ফেলা:
নেতিবাচক একটি চিন্তাকে ইতিবাচক ভাবনায় প্রতিস্থাপন করা যায়। দুশ্চিন্তা আসার মুহূর্তে দিনের ভাল দিকগুলো ভাবুন। কিংবা যেকোনো ঘটনার খারাপ দিকই যখন বেশি চোখে পড়ে, তখন সচেতনভাবে ভাল দিক খুঁজতে চেষ্টা করুন, যাকে বলা হয় ‘সিলভার লাইনিং’ দেখা।
গঠনমূলক সমালোচনা:
অকারণ নিন্দা বা অতিরিক্ত প্রশংসা দুটোই সত্যকে আড়াল করে। তাই প্রয়োজন বাস্তবসম্মত, গঠনমূলক সমালোচনা, যা মনকে ভুল পথে যেতে দেয় না এবং নেতিবাচক চিন্তারও দূরত্ব তৈরি করে।
যুক্তির আশ্রয় নেওয়া:
মানুষের চিন্তায় আবেগ ও যুক্তি দুটোই থাকে, কিন্তু কখনো কখনো আবেগ আমাদের দুর্বল করে ফেলে। তাই মানসিক শক্তি বাড়াতে যুক্তি বড় ভূমিকা রাখে। নেতিবাচক ভাবনায় ডুবে গেলে নিজেকে প্রশ্ন করুন — কেন এমন হল? কীভাবে সমাধান সম্ভব এবং কোন আচরণে পরিস্থিতি আরও খারাপ হবে। যুক্তি অনেক সময় নেতিবাচক চিন্তার ঘূর্ণি থেকে মুক্তির পথ দেখায়।
নিয়মিত চর্চা করলে যেমন নতুন অভ্যাস তৈরি হয়, তেমনি খারাপ অভ্যাস দূর করা যায়। প্রতিদিন জমে থাকা নেতিবাচক ভাবনাগুলোও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ঝেড়ে ফেলা সম্ভব, ফলে গড়ে ওঠে মানসিকভাবে সুস্থ ও সুন্দর জীবন।








