স্বাধীনতা সংগ্রামী ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ-এর কর্মময় জীবন ও বর্ণময় চরিত্র
ড. ফিরোজ উদ্দিন
নতুন পয়গাম: ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক মহান আলোকবর্তিকা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ছিলেন স্বাধীনতার অকুতোভয় সৈনিক, খ্যাতনামা শিক্ষাবিদ, বাগ্মী সাংবাদিক, দার্শনিক ও ধর্মতাত্ত্বিক চিন্তক। ধর্মনিরপেক্ষতা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছিল তাঁর জীবনের মূল দর্শন। স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে তিনি যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন, তা আজও ভারতের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি।
মাওলানা আবুল কালাম আজাদের জন্ম ১৮৮৮ সালের ১১ নভেম্বর, মক্কা নগরীতে। তাঁর পিতা মাওলানা খায়েরউদ্দিন ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ধর্মীয় পণ্ডিত, আর মাতার জন্ম আরবের এক সম্ভ্রান্ত পরিবারে। শৈশবে পরিবারের সঙ্গে তিনি ভারতে ফিরে আসেন এবং তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার মাটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ছোটবেলা থেকেই আজাদ ছিলেন অতুলনীয় মেধাবী। আরবি, ফারসি, উর্দু, হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা ও পারদর্শিতা অর্জন করেন। কিশোর বয়সেই তিনি ইসলামী ধর্মগ্রন্থ, ইতিহাস ও দর্শন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন।
সাংবাদিকতা ও সাহিত্যচর্চা :
মাওলানা আজাদের চিন্তাধারা ও স্বাধীনচেতা মনোভাব প্রথম প্রকাশ পায় তাঁর সাংবাদিক জীবনে। তিনি মাত্র ১৮ বছর বয়সে “লিসানুস-সিদক” নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। পরে তিনি “আল-হিলাল” ও “আল-বালাঘ” নামে দুটি বিখ্যাত পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকাগুলোতে লেখালিখির মাধ্যমে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সরব হন, বর্জ্রমুষ্ঠিতে কলম ধরেন এবং ভারতীয় মুসলমানদের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
“আল-হিলাল” পত্রিকা তৎকালীন মুসলিম সমাজে বিপ্লব ঘটায়। কারণ। মাওলানা আজাদ সেখানে যুক্তি, শিক্ষা ও ধর্মের আলোকে জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়েছিলেন। ব্রিটিশ সরকার তাঁর সেই পত্রিকা বন্ধ করে দেন এবং তাঁকে কয়েকবার কারাবন্দি করেন।
স্বাধীনতা সংগ্রামে ভূমিকা:
মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতাদের একজন। তাঁর রাজনৈতিক চিন্তায় মহাত্মা গান্ধির অহিংস আন্দোলন, হিন্দু-মুসলিম ঐক্য এবং ধর্মনিরপেক্ষতার প্রতি গভীর অঙ্গীকার ছিল। ১৯১২ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে অতি সক্রিয় ভূমিকা নেন। ১৯২০ সালে তিনি মহাত্মা গান্ধির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯২৩ সালে মাত্র ৩৫ বছর বয়সে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন এবং ছিলেন তখন পর্যন্ত কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ সভাপতি। ব্রিটিশ সরকারের পাশবিক দমননীতির বিরুদ্ধে একাধিকবার তাঁকে কারাগারে পাঠানো হয়। সব মিলিয়ে তিনি প্রায় ১০ বছর জেলে কাটান।
১৯৪২ সালে “ভারত ছাড়ো আন্দোলন”-এর সময়ও তিনি কংগ্রেসের সভাপতি হিসেবে আন্দোলনে সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্ব দেন। মাওলানা আজাদ সর্বদা বিশ্বাস করতেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে।
ধর্মীয় চিন্তা ও মানবতাবাদ:
মাওলানা আজাদ ছিলেন ইসলামী ধর্মতত্ত্বের বিশারদ। তাঁর মূল আধ্যাত্মিক চেতনা ছিল মানবতাবাদী। তিনি বিশ্বাস করতেন, “ধর্ম মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করে।” তাঁর ব্যাখ্যায় কুরআনের শিক্ষা মূলত মানবতা, জ্ঞান, ন্যায় ও ইনসাফের আহ্বান। তাঁর রচিত “তর্জুমান-উল-কুরআন” ইসলামী ব্যাখ্যার ইতিহাসে এক অনন্য সৃষ্টি। এতে তিনি ইসলামকে আধুনিক যুক্তি ও মানবকল্যাণের আলোকে বিশ্লেষণ করেছেন।
শিক্ষা আন্দোলন ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী:
১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর পণ্ডিত জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় মাওলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর মন্ত্রিত্বকাল ১৯৪৭–১৯৫৮ ভারতীয় শিক্ষার ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়।
তাঁর প্রধান অবদানসমূহ:
১) ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) প্রতিষ্ঠা।
২) একাধিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (IIT) প্রতিষ্ঠা, যা আজ ভারতের উচ্চশিক্ষার স্তম্ভ।
৩) ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) গঠন, যা বিশ্বে ভারতের সংস্কৃতিকে পরিচিত করে তোলে।
৪) সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রবর্তন — তিনি বলেন, “শিক্ষা কেবল বিশেষাধিকারের বিষয় নয়, এটি প্রত্যেক নাগরিকের অধিকার।”
৫) ইউনেস্কো এবং রাষ্ট্রসংঘের শিক্ষানীতিতে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করেন।
আজকের ভারতের শিক্ষাব্যবস্থার ভিত্তি, বিজ্ঞানচর্চার প্রসার ও কারিগরি শিক্ষার উন্নয়ন — সব কিছুর পেছনে তাঁর সুদূরপ্রসারী চিন্তা ও দূরদর্শিতা কার্যকর ভূমিকা রেখেছে।
সাহিত্য ও চিন্তাধারা:
মাওলানা আজাদের ভাষা ও লেখনী ছিল অসাধারণ। তিনি ছিলেন উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গদ্যকার। তাঁর আত্মজীবনী “ইন্ডিয়া উইনস ফ্রিডম” স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ দলিল। এই ঐতিহাসিক গ্রন্থে তিনি জাতীয় কংগ্রেসের অন্দরমহলের রাজনৈতিক সিদ্ধান্ত, বিভাজনের ইতিহাস এবং ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন। তাঁর সাহিত্যিক রচনায় যুক্তি, দর্শন ও মানবতাবাদের মিশ্রণ দেখা যায়। তাঁর চিন্তাধারা আজও ভারতের ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের ভিত্তি হিসেবে মূল্যবান।
ঐক্য ও সম্প্রীতির প্রবক্তা:
ভারত বিভাজনের সময় মাওলানা আজাদ গভীর বেদনা অনুভব করেন। তিনি শেষ পর্যন্ত মুসলিম লিগের বিভাজনের দাবির বিরোধিতা করেন। তাঁর বিশ্বাস ছিল, হিন্দু ও মুসলমান মিলে একত্রিত জাতি হিসেবেই নতুন ভারত গঠিত হওয়া উচিত। তিনি বলেছিলেন, “আমি হিন্দুরও নই, মুসলমানেরও নই — আমি একজন ভারতীয়, আর এটাই আমার গর্ব।”
১৯৫৮ সালের ২২ ফেব্রুয়ারি প্রখ্যাত দেসপ্রেমী ও কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী এবং যশস্বী ইসলামী পণ্ডিত মাওলানা আবুল কালাম আজাদ প্রয়াত হন। তাঁকে দিল্লির জামে মসজিদের নিকটে সমাধিস্থ করা হয়। তাঁর মৃত্যুর পর সারা দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর স্মৃতিতে “ন্যাশনাল এডুকেশন ডে” প্রতি বছর ১১ নভেম্বর পালিত হয়, যা শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি বহন করে।
মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন এমন এক বিরল চিন্তা-চেতনার মানুষ, যিনি জ্ঞান, ধর্ম, রাজনীতি ও মানবতার সমন্বয়ে ভারতকে এক নতুন পথে চালিত করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন, প্রকৃত দেশপ্রেম মানে কেবল রাজনৈতিক স্বাধীনতা নয়; বরং মনন ও শিক্ষার মুক্তি। আজও তাঁর উক্তি আমাদের অনুপ্রাণিত করে— “স্বাধীনতা তখনই অর্থবহ হবে, যখন প্রতিটি মানুষ অন্ধকার থেকে আলোর পথে যেতে পারবে শিক্ষার মাধ্যমে।”
মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন এক মহান শিক্ষক, দার্শনিক ও জাতির নির্মাতা। তাঁর কর্মময় জীবন আমাদের শেখায় — “জাতির উন্নয়ন শুরু হয় শিক্ষা ও ঐক্যের মধ্য দিয়ে।” স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আজাদের অবদান তাই শুধু ইতিহাস নয়; বরং বর্তমান ও ভবিষ্যতেরও দিশারী।








