রোযার বাকি মাত্র ১০০ দিন, শুরু ২০ ফেব্রুয়ারি, সম্ভাব্য ঈদ ২১ মার্চ ২০২৬
নতুন পয়গাম:
ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুটা বাকি থাকলেও এখন থেকেই পবিত্র রমযান মাসের আগমনী বার্তা শোনা যাচ্ছে। পবিত্র সিয়াম সাধনার এই মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। জ্যোতির্বিজ্ঞানীদের হিসেবে, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি আরব বিশ্ব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমযান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিরিখে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি দক্ষিণ এশিয়ার দেশগুলোয় রোযা শুরু হবে পরদিন ২০ ফেব্রুয়ারি শুক্রবার থেকে।
আরব দুনিয়ার জ্যোতির্বিদ্যা সংস্থা ‘এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি’র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, “আগামী ১৭ ফেব্রুয়ারি আরবি ১৪৪৭ হিজরি সনের রমযানের চাঁদ আকাশে উঠবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদটি অস্ত যাবে, ফলে খালি চোখে দেখা সম্ভব নয়। তাই রমযান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।”
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ভারতীয় উপমহাদেশে রমযান শুরু হয়। সেই হিসেবে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে আগামী বছর ২০ ফেব্রুয়ারি রমযান শুরু হবে এবং ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।








