শব্দ যখন হয়ে ওঠে অস্ত্র
সাদ্দাম হোসেন
কিছু দিন আগে একটি লেখা পড়তে গিয়ে দেখি, সেখানে এক প্রফেসর কয়েকজন কলেজ শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “বর্তমান যুগে মানবসভ্যতার সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি কী? অনেকে বলল, পারমাণবিক অস্ত্র, জৈব যুদ্ধাস্ত্র, সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি। কিন্তু লাস্ট বেঞ্চে বসে থাকা এক শান্ত স্বভাবের ছাত্র উত্তর দিল, স্যার, আসল ধ্বংসাত্মক শক্তি হল মানুষের মুখের উচ্চারিত শব্দ। কারণ, মুখ দিয়ে বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু তা হৃদয় ও সমাজ দুটোই ভেঙে দিতে পারে।
হ্যাঁ, এ কথা সর্বৈব সত্য। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে মানুষের মুখ দিয়ে উচ্চারিত শব্দ। সেই শব্দ, যা কখনও যুক্তির চেয়ে উত্তেজনা, ভালবাসার চেয়ে ঘৃণা, আর সত্যের চেয়ে প্রতারণাকে বহন করে। যখন কথা পরিণত হয় উত্তপ্ত বক্তৃতায়, বিকৃত বাস্তবতার ব্যাখ্যায়, অহংকারে ভরা ভাষণে কিংবা মিথ্যার মোড়কে, তখনই শব্দ রূপ নেয় অস্ত্রে। আর একবার শব্দ অস্ত্রে পরিণত হলে, সত্যই হয় প্রথম নিহত বলি। যুদ্ধ তখন শুধু ময়দানে নয়, তা প্রবেশ করে মানুষের হৃদয়ে, সম্পর্কের গভীরে, এমনকি ভালবাসার ভেতরেও রেখে যায় অমোচনীয় দাগ।
জনৈক দার্শনিক বলেছিলেন, “সত্য যখন কথা-বার্তাকে পরিচালনা করে, সততা হৃদয়কে গঠন করে, মর্যাদা আচরণকে নিয়ন্ত্রণ করে এবং ন্যায়ের ভাষা সেতু গড়ে — তখন একটা সভ্যতা কেবল টিকে থাকে না, বরং বিকশিত হয়।”
শব্দ-শক্তি মানুষের জন্য এক ঐশ্বরিক দান, হৃদয় থেকে হৃদয়ে সেতুবন্ধন গড়ার সূক্ষ্ম ডোর। সঠিকভাবে ব্যবহৃত হলে তা অনুপ্রেরণা জোগায়, মানুষ আরোগ্য পায়, নতুন চিন্তা জন্মায়, আনন্দ ছড়ায় এবং সমাজে ঐক্য গড়ে। কিন্তু যদি শব্দ ভ্রান্তি, ঘৃণা বা অপপ্রচারের কাছে বিক্রি হয়ে যায়, তখন একই শক্তি দ্রুত ধস নামায়, পরিবার ছিন্ন করে, প্রতিষ্ঠান ভেঙে দেয় এবং সম্প্রদায়ের মাঝে বিভেদের আগুন জ্বালায়, এমনকি দেশ-দেশান্তরে যুদ্ধের আগুন জ্বালাতে পারে।

শব্দ এমন এক শক্তি, যা সৃষ্টি করতে পারে, আবার ধ্বংসও ডেকে আনতে পারে। শব্দ হল সেই সূক্ষ্ম শক্তি — যা হৃদয় থেকে হৃদয়ে পৌঁছায়, মানুষকে একত্র করে, আবার বিভেদও সৃষ্টি করে। প্রত্যেক ধর্ম, প্রত্যেক দর্শন, ভাষা ও বাক্যের মধ্যে যে নৈতিকতার শিক্ষা দিয়েছে, তা মানবসভ্যতার ইতিহাসে চিরন্তন সত্য হয়ে আছে। প্রত্যেক ধর্মের বাণী আমাদের মনে করিয়ে দেয় — বাক্য কেবল শব্দ-সমষ্টি নয়, এটি মানুষের নৈতিক অবস্থানের প্রতিফলন।
পবিত্র কুরআনের সূরা আল-হুজরাত (৬)-এ আল্লাহ তায়ালা বলেন, “হে মুমিনগণ! যদি কোনো দুষ্ট ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও।” এই আয়াত আজকের যুগের ‘ভুল তথ্য, ফেক নিউজ ও গুজব’-এর বিরুদ্ধে এক অনন্ত সতর্কবাণী। কুরআনের সূরা আল-ইসরা (৫৩)-তে বলা হয়েছে, ”আমার বান্দাদের বলে দাও, তারা যেন এমন কথা বলে, যা সর্বোত্তম; শয়তান নিশ্চয়ই তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে।”
শ্রীমদ্ভগবদ্গীতা (১৭:১৫)-য় বলা হয়েছে, “যে কথা সত্য, মনোরম, অমঙ্গলহীন এবং অন্যের কল্যাণে উচ্চারিত — সেটিই প্রকৃত বাক্যতপস্যা।” এখানে ভাষাকে শুধু যোগাযোগের উপায় নয়, আধ্যাত্মিক সাধনা হিসেবে দেখা হয়েছে। সত্য, মঙ্গল ও কল্যাণে পরিচালিত বাক্যই সমাজে শান্তি প্রতিষ্ঠা করে।
বাইবেল (Proverbs 18:21)-এ বলা আছে, ”জীবন ও মৃত্যুর ক্ষমতা জিহ্বার হাতে; যে এটি ভালভাবে ব্যবহার করে, সে তার ফল ভোগ করে।” এই বাণী আমাদের শেখায়, প্রতিটি উচ্চারিত শব্দের পরিণতি আছে; মিষ্টি বাক্য গড়ে তোলে বন্ধন, আর বিষাক্ত শব্দ ভেঙে দেয় সম্পর্ক।
বুদ্ধের ধম্মপদ (Verse 133)-এ বলা হয়েছে, “যেমন তুমি নিজের প্রতি কঠিন বাক্য শুনতে চাও না, তেমনি অন্যের প্রতিও কঠিন কথা বলো না।” বুদ্ধের এই বাণী শুধু নৈতিক আচরণ নয়, এটি সামাজিক সহাবস্থানের ভিত্তি। বাক্যের করুণা শান্তির পথ নির্মাণ করে।
সোশ্যাল মিডিয়ার যুগে শব্দের শক্তি বহুগুণ বেড়েছে। সত্য, সততা, মর্যাদা ও ন্যায়নিষ্ঠা দিয়ে ব্যবহার করলে, এটি আলোকিত সমাজ গড়ে তোলে। মিথ্যা, অপপ্রচার ও ঘৃণায় ভরা হলে এটি ভেঙে দেয় বিশ্বাস, বাড়ায় বিদ্বেষ এবং সমাজকে বিভক্ত করে। প্রযুক্তি নিজে দোষী নয়, দোষ আমাদের মূল্যবোধে। যদি সত্য, সততা, মর্যাদা ও ন্যায়নিষ্ঠা আমাদের ডিজিটাল ভাষার পথপ্রদর্শক হয়, তবে সোশ্যাল মিডিয়া ধ্বংসের নয়, সভ্যতার প্রতিফলন হবে।
দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন সামনে রেখে আমরা আবারও প্রত্যক্ষ করছি ‘বাক্যের শক্তি’র দ্বিমুখী রূপ। রাজনৈতিক মঞ্চ, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত এমন সব বক্তব্য উচ্চারিত হচ্ছে, যা একদিকে মানুষকে উৎসাহিত করছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে, অন্যদিকে বিভ্রান্ত করছে মিথ্যা তথ্য, অপপ্রচার ও ঘৃণার ভাষায়। একই বক্তৃতা এক প্রার্থীর মুখে হতে পারে ঐক্যের আহ্বান, আবার অন্যের মুখে হতে পারে বিভেদের বীজ বপন। একই সংবাদ এক সাংবাদিকের হাতে হতে পারে তথ্যের আলো, আবার অন্যের হাতে হয়ে ওঠে উত্তেজনার আগুন। এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, “বাক্য কখন অস্ত্র হবে, আর কখন আলো — তা নির্ভর করে বক্তার বিবেকের উপর।”
কুরআন, গীতা, বাইবেল, ধম্মপদ — সব ধর্মগ্রন্থেই এক সুরে বলা হয়েছে, “সত্য ভাষণই শান্তি আনে, আর অসত্যের শব্দই যুদ্ধ ডেকে আনে। এই যুগে যখন ভোট, মত, খবর — সবকিছুই শব্দের মাধ্যমে ছড়ায়, তখন আমাদের মনে রাখা প্রয়োজন — বাক্য শুধু প্রকাশের মাধ্যম নয়, দায়িত্বেরও বহিঃপ্রকাশ। কারণ, সত্য ন্যায় প্রতিষ্ঠা করে, সততা বিশ্বাস গড়ে, মর্যাদা সম্মান রক্ষা করে, আর ন্যায়নিষ্ঠ ভাষা শান্তি আনে। যখন এই মানবীয় গুণগুলি সমাজে প্রতিষ্ঠিত হয়, তখন সমাজ হয় আত্মসংশোধিত, সহানুভূতিশীল ও টেকসই। কিন্তু যখন এই মূল্যবোধ হারিয়ে যায়, তখন জন্ম নেয় প্রতারণা, সন্দেহ ও বিভাজন। আর তখনই শুরু হয় সভ্যতার নীরব পতন, যা অস্ত্র নয়, শব্দের বিকৃতি দিয়েই ঘটে। একটি শব্দ গড়তে পারে আস্থা, আবার একটি ভুল বাক্য ভেঙে দিতে পারে সমাজের বন্ধন। তাই এখনই সময়, আমাদের বাক্য যেন হয়ে ওঠে সত্য, সহনশীলতা ও মানবতার দূত। যখন জিহ্বা সত্যের পথে, হৃদয় সততার ছায়ায়, আর চিন্তা করুণার আলোয় আলোকিত — তখনই সমাজ ও সভ্যতা টিকে থাকে, বেড়ে ওঠে, প্রস্ফুটিত হয়।
(সহকারী অধ্যাপক, গণমাধ্যম বিভাগ, নেতাজি নগর কলেজ, কলকাতা)।








