দেশে নিষিদ্ধ হবে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার?
নতুন পয়গাম, নয়াদিল্লি: অস্ট্রেলিয়া, ডেনমার্ক বা ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর পথ অনুসরণ করে এবার কি ভারতেও শিশুদের সোশ্যাল মিডিয়া বা সমাজমাধ্যম ব্যবহারের ওপর বড়সড় নিষেধাজ্ঞা আসতে চলেছে? বৃহস্পতিবার সংসদে সরকারের পক্ষ থেকে পেশ করা এক সমীক্ষা-প্রতিবেদনে নাবালক-নাবালিকাদের অনলাইন আসক্তি কমাতে একাধিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, শিশুদের ডিজিটাল-আসক্তি কাটাতে কেবল সোশ্যাল মিডিয়াই নয়; বরং অনলাইন ক্লাসের সংখ্যাও কমিয়ে আনা প্রয়োজন। অনলাইন ক্লাসের জন্য একটি নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করার পরামর্শও দেওয়া হয়েছে এই সমীক্ষায়। ভার্চুয়াল জগতের ক্ষতিকর প্রভাব থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে পাঠ্যবই বা বিকল্প সহজতর সামগ্রীর মাধ্যমে শিক্ষাদানের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি, বিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা শিক্ষার্থীদের ভার্চুয়াল জগতের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষা দেয়।
বিশেষজ্ঞদের মতে, অনলাইন আসক্তি কমলে শিশুদের মধ্যে সহিংসতা বা অপ্রাপ্ত বয়সে যৌনতার মতো আচরণগত সমস্যা রোধ করা সম্ভব। সমীক্ষায় সাইবার নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্দিষ্ট ‘স্ক্রিনিং টাইম’ (পর্দায় কাটানো সময়) বেঁধে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে অনলাইন জুয়া এবং শিশুদের জন্য অনুপযুক্ত বিজ্ঞাপন সম্পর্কেও কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
অভিভাবকদের প্রতি বার্তায় বলা হয়েছে, মোবাইল বা ল্যাপটপ যেন শিশুদের কাছে অতি সহজলভ্য না হয়। এমনকি শিশুদের এই আসক্তি কাটাতে অভিভাবকদের জন্য বিশেষ কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে সরকারের। ভার্চুয়াল জগতের বাইরে সৃজনশীল কাজে শিশুদের উৎসাহ জোগানোর ওপর বিশেষ জোর দিয়েছে এই সরকারি প্রতিবেদন।








