ভিসা বাতিল: কেরলে মঞ্চস্থ হল না ফিলিস্তিনিপন্থী ইসরাইলি নাটক
নতুন পয়গাম, তিরুবন্তপুরম: ভিসা জটিলতায় কেরলের আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চস্থ হতে পারল না ‘দ্য লাস্ট প্লে ইন গাজা’। ইসরাইলে অবস্থিত ভারতীয় দূতাবাস নাট্যদলের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান করায় নির্ধারিত দুটি শো বাতিল করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
বিখ্যাত ইসরাইলি তথ্যচিত্র পরিচালক ও অভিনেত্রী আইনাত ওয়েজম্যানের নির্দেশনায় এই নাটকটি তৈরি। গাজার ‘থিয়েটার ফর এভরিবডি’ ধ্বংস হওয়ার আগে সেখানে অভিনীত শেষ নাটকটির প্রেক্ষাপটেই এটি সাজানো হয়েছিল। ওয়েজম্যানের দাবি, প্রায় দুই মাস আগে ভিসার আবেদন করা সত্ত্বেও শেষ মুহূর্তে তা প্রত্যাখ্যান করা হয়। বিষয়টিকে ‘ব্যুরোক্র্যাটিক ল্যাপস’ বা ‘আমলাতান্ত্রিক ত্রুটি’ বলে মানতে নারাজ তিনি। তাঁর মতে, এটি একটি ‘রাজনৈতিক সেন্সরশিপ’। তিনি ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “প্রথমে গাজাকে মুছে ফেলা হল, তারপর তার নথিভুক্তিকরণকে, আর এখন সেই গল্পগুলো যে নাটকে তুলে ধরা হয়েছে, তাকেও মঞ্চে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে।”
কেরল সঙ্গীত-নাটক আকাদেমির সেক্রেটারি কারিভেল্লুর মুরলি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে ছাড়পত্র পাওয়া গেলেও দূতাবাস পর্যায়ে ভিসা ইস্যু করা হয়নি। নির্ধারিত সময়ে নাটকটি মঞ্চস্থ হতে না পারায় উৎসব প্রাঙ্গণে ওই সন্ধ্যায় ‘দ্য লাস্ট প্লে ইন গাজা’-র সমর্থনে এক সংহতি সভার আয়োজন করা হয়। নাট্যকার ওয়েজম্যান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “নাটকটি ভারতে পৌঁছাতে না পারলেও, এর নেপথ্য লড়াইয়ের গল্প পৌঁছে গিয়েছে।” কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসব শেষ হওয়ার আগে যদি নাট্যদলটি আসতে পারে, তবে বিশেষ ব্যবস্থায় শো করা হবে।








