বড়জোড়ার বেসরকারি চাবি কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
বাঁকুড়ার বড়জোড়ায় একটি বেসরকারি চাবি কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক শ্রমিক। মৃতের নাম বিজয় ধীবর (১৯)। তাঁর বাড়ি বড়জোড়ার সাহারজোড়া গ্রামে। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কারখানার শিফটে কাজ করার সময় কোনওভাবে দুটি মেশিনের মাঝে চাপা পড়েন বিজয়। গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিজয় ধীবর ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তাঁর উপার্জনের উপরই নির্ভরশীল ছিল গোটা পরিবার। পরিবারে রয়েছেন তাঁর বাবা-মা ও এক অবিবাহিত বোন। অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই যুবকের অকালমৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় পৌঁছান তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মহম্মদ ওয়েস। অন্যদিকে, এই ঘটনায় যান্ত্রিক গোলযোগকেই দায়ী করেছে বিজেপির শ্রমিক সংগঠন।








