আজ বীরভূম ও পুরুলিয়া নিয়ে অভিষেকের মিটিং
নতুন পয়গাম, কলকাতা, ১৪ সেপ্টেম্বর:
আজ সোমবার বীরভূম ও পুরুলিয়া জেলার দলীয় নেতৃত্বকে নিয়েে রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মাস থেকেই পর পর জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক চালাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। ইতিমধ্যেই বেশিরভাগ জেলার বৈঠক হয়ে গিয়েছে। আজ পুরুলিয়া ও বীরভূমের দলীয় নেতৃত্ব, বিধায়ক, জেলা সভাপতি ও বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তাদের তিনি কলকাতায় ডেকেছেন। তৃণমূল সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল আজকের বৈঠকে গুরুত্ব পাবে। জেলাওয়াড়ি এই বৈঠকে স্থানীয় দায়িত্বশীলদের রদবদল চলছে। তাই আজকের বৈঠকেও দুই জেলায় বিভিন্ন পদে নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে।
পুরুলিয়া জেলা তৃণমূলের চেয়ারম্যান শান্তিরাম মাহাত বলেন, দিদির নির্দেশমতো দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে যা সিদ্ধান্ত নেবেন, তাকেই আমরা দলের স্বার্থে মেনে নেব। উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা ভোটের পর পুরুলিয়ায় ২০২১ সালের বিধানসভা ভোটেও বিজেপির কাছে হেরেছিল তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটেও সেটা মেকআপ দিতে পারেনি ঘাসফুল শিবির। তাই এই জেলায় গতবার দলীয় নেতৃত্বে ব্যাপক রদবদল করা হয়। আজকের বৈঠকে সবকিছু নিয়েই চুলচেরা বিশ্লেষণের পর চূড়ান্ত বার্তা দেবেন অভিষেক।
একই সঙ্গে আজ বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন অভিষেক। এই বৈঠকে থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। অনুব্রত মণ্ডল, কাজল শেখ-সহ বীরভূমের জেলা নেতৃত্বকে নিয়ে আজ কলকাতার বৈঠকে কী সিদ্ধান্ত হয়, তা নিয়ে সবার কৌতূহল তুঙ্গে। অভিষেক অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, গোষ্ঠীদ্বন্দ্ব বা কোন্দল বরদাস্ত করা হবে না। এজন্য কাউকে রেয়াত করা হবে না। দলকে মজবুত করতে ঐক্যবদ্ধ হয়ে বিধানসভা ভোটে লড়াই করতে হবে।








