আশাকর্মীদের ৩৯ দিনের আন্দোলনের ঢেউ এবার চুঁচুড়ায় এসে পড়ল
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে সারা রাজ্যব্যাপী আশাকর্মীদের আন্দোলন জারি রয়েছে। সেই আবহে আজ শুক্রবার বার ৩৯ দিনে পা রাখল আশাকর্মীদের এই আন্দোলন। চুঁচুড়াতেও আশা কর্মীদের সেই আন্দোলনের ঢেউ এসে পড়ল। দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায় না হওয়ায় বৃহস্পতিবার ক্ষোভ উগড়ে দেন আন্দোলনরত আশাকর্মীরা। এদিন সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের আওতাধীন সমস্ত আশা কর্মীরা হুগলি জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল করে এসে চুঁচুড়ার ঘড়ির মোড়ে জমায়েত হন। মিছিলের মাধ্যমে নিজেদের দাবি ও বঞ্চনার কথা তুলে ধরেন তাঁরা। দেখা যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছে কর্মীরা রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করেন। এর ফলে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষকেও সমস্যায় পড়তে হয়। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা কাজ করলেও ন্যায্য পারিশ্রমিক, নিয়মিত ভাতা ও কাজের স্বীকৃতি মিলছে না। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে তাঁরা এই কঠোর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন। অবরোধ চলাকালীন আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, জেলাশাসক যতক্ষণ না তাঁদের স্মারকলিপি গ্রহণ করছেন, ততক্ষণ গণ অবস্হান চালিয়ে যাবেন তাঁরা। যদিও আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য রওনা দেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই কারণে গোটা এলাকাজুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। যদিও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবেই তাঁদের কর্মসূচি পালন করেন। এদিকে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আশা কর্মীদের দাবিগুলি গুরুত্ব সহকারে দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে। আশাকর্মীরাও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।








