বিশ্বের সবথেকে ছোট ঘোড়া
নতুন পয়গাম: বিশ্বের সবথেকে খর্বাকৃতি বা ক্ষুদ্র ঘোড়া। নাম তার পুমুকেল। তাকে দেখে যে কেউ অবাক হবেন। একঝলক দেখে ঠাহর করা যাবে না যে, এটি ঘোড়া, গাধা, কুকুর নাকি পুতুল? পুমুকেলের ঠিকানা হল জার্মানি। বাদামি ও উজ্জ্বল সাদা রঙের মিশ্রণ এবং তার ঘাড়ে-মাথায় বেশ বড় বড় লোম। সেগুলো অনেকটা চুলের মতো ঝুলে থাকে। তাই হঠাৎ দেখায় তাকে পুতুল বলে মনে হতেই পারে।
তবে পুমুকেলের মূল বৈশিষ্ট্য হল, তার উচ্চতা। মাত্র ২১.১ ইঞ্চি উচ্চতার কারণে এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠে গেছে পুমুকেলের মালিক। কারণ, তাদের পোষা পুমুকেল বিশ্বের সবচেয়ে কম উচ্চতার জীবন্ত ঘোড়া।
)
২০২০ সালে ক্যারোলা ভাইডেমান নামে এক জার্মান মহিলা পুমুকেলকে পালন করতে নেন। সে সময় এটির বয়স ছিল মাত্র ৫ মাস, উচ্চতা মাত্র ১৮ ইঞ্চি। এর আগে যে ঘোড়া এই রেকর্ডের অধিকারী ছিল, তার থেকে পুমুকেলের উচ্চতা দেড় ইঞ্চি কম।
পুমুকেলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল, সে একটি প্রশিক্ষিত ঘোড়া। থেরাপি দেওয়ার কাজ করে। এ জন্য তাকে নিয়মিত বিভিন্ন নার্সিং হোম, হাসপাতাল, স্কুল ও প্রতিবন্ধী মানুষের জন্য নিয়ে যাওয়া হয়। ভাল রোজগারও করে সে।
তার মালিক ক্যারোলা বলেন, ‘পুমুকেল খুবই মিষ্টি স্বভাবের। সে শিশুদের সঙ্গে দারুন আচরণ করে, খোঁচাখুঁচি ও আলিঙ্গন পছন্দ করে।’








