রাজ্যজুড়ে পঞ্চম আম্বেদকর মেধা অন্বেষণ সফল
হাসান লস্কর বাবলু, নতুন পয়গাম, দক্ষিণ ২৪ পরগনাঃ
পঞ্চম আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলিতে সফলভাবে অনুষ্ঠিত হলো । এই বছর প্রায় পনেরটি জেলার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা শীর্ষে রয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বাঁকুড়া, মালদহ, নদীয়া, বীরভূম ও বর্ধমান জেলার সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য সংখ্যায় এই পরীক্ষায় অংশ নিয়েছে। পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পরীক্ষাটি সর্বস্তরে ব্যাপক সাড়া জাগিয়েছে ।এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করে তফশিলী টিচার্স ফোরাম এবং আম্বেদকর জন জাগরণী সমিতি। পরীক্ষায় মেধা উত্তীর্ণ শিক্ষার্থীদের পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক স্কলারশিপ প্রদান করে সম্মানিত করা হবে এমনি জানান আয়োজক কমিটির সদস্যরা।আয়োজকদের মতে, সংবিধানের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং ভবিষ্যৎ দেশগঠনে দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের গড়ে তোলাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য। নির্দিষ্ট পাঠক্রমের উপর ভিত্তি করে প্রস্তুতির জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে আগেই সিলেবাস অনুযায়ী বই সরবরাহ করা হয়েছে।
শিক্ষামহলে এই উদ্যোগকে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সামাজিক সচেতনতা গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।








