রঘুনাথগঞ্জ ওয়েজ ফ্যামিলি স্কুলের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
রহমতুল্লাহ, নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
শুক্রবার রঘুনাথগঞ্জের ওয়েজ ফ্যামিলি স্কুলের আয়োজনে জঙ্গিপুর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকেল থেকেই অনুষ্ঠানে ভিড় জমায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা।
মঞ্চে একের পর এক পরিবেশনায় মাতিয়ে তোলে খুঁদে পড়ুয়ারা। নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি, নাটকসহ নানান সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের মন জয় করে নেয়। শিশুদের এই অংশগ্রহণে অভিভাবকরাও উচ্ছ্বসিত হয়ে দর্শকাসন পূর্ণ করে রাখেন।
অনুষ্ঠানের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সেরা কৃতিত্ব দেখানো ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন স্কুল কর্তৃপক্ষ।
ওয়েজ ফ্যামিলি স্কুলের কর্ণধার মইদুল ইসলাম জানান, “শিক্ষার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক বিকাশে আমরা সমান গুরুত্ব দিই। তাই প্রতিবছরই এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়, যাতে ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রতিভা প্রকাশের মঞ্চ পায়।”
সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হলেও শিশুদের উচ্ছ্বাসের রেশ থেকে যায় উপস্থিত সবার মনে।









