ডব্লুপিএলে ফাইনালে বাঙালি কন্যা রিচার বেঙ্গালুরুর
নিজস্ব সংবাদদাতা, বেঙ্গালুরু: এবারের ওমেন্স প্রিমিয়ার লিগে প্রথম দল হিসাবে ফাইনালে চলে গেল বিরাট কোহলিদের ফিমেল ভার্সন। দাপটে ফাইনালে স্মৃতি মান্ধানারা। বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৮ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। খেতাবি লড়াইয়ে আরসিবি’র প্রতিপক্ষ নির্ধারিত হবে প্লে-অফের মাধ্যমে। এদিন আগে ব্যাট করে দীপ্তি শর্মার হাফ-সেঞ্চুরিতে ভর করে ইউপি ওয়ারিয়র্জ ৮ উইকেটে তোলে ১৪৩। দীপ্তি ৪৩ বলে ৫৫ রান করেন। মেগ ল্যানিংয়ের সংগ্রহ ৪১। আরসিবি’র হয়ে নাদিনে ডি’ক্লার্ক একাই নেন ৪ উইকেট। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি (১৪৭-২)। তাও আবার ৪১ বল বাকি থাকতে। গ্রেস হ্যারিস ৩৭ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। ক্যাপ্টেন স্মৃতি ২৭ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।রিচা শেষ দিকে নামলেও কোনো বল ফেস করেননি।৫ ফেব্রুয়ারি ফাইনালের আগে লম্বা বিশ্রাম পাচ্ছেন স্মৃতিরা।তাহলে কি আরও একবার কাপ পাচ্ছে বেঙ্গালুরু?অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত।








