সিঙ্গুর থেকে ঘোষিত ‘বাংলার বাড়ি’- প্রকল্পে বদলাচ্ছে হাজারো পরিবারের জীবন
নতুন পয়গাম, এবাদত ইসলাম, পূর্ব বর্ধমান: সিঙ্গুরের শুভ মঞ্চ থেকে রাজ্যজুড়ে উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের উন্নয়নের ইতিহাসে আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন। এদিন রাজ্যের বিভিন্ন জেলার জন্য একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম ‘বাংলার বাড়ি (গ্রামীণ)’ প্রকল্প। এই প্রকল্পের সুফল ইতিমধ্যেই স্পষ্ট পূর্ব বর্ধমান জেলায়। প্রথম পর্যায়ে জেলায় ৭৯,১০৩টি পরিবার মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেয়েছে। এই পর্যায়ে সরকারের ব্যয় হয়েছে ৯৪৯.২৩৬ কোটি টাকা। শুধু তাই নয়, দ্বিতীয় পর্যায়ে আরও ৩২৪.০৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে ৫৪,০১৩ জন উপভোক্তার অনুমোদন মিলেছে। আবাসনের পাশাপাশি ভূমিহীন মানুষের জন্যও সুখবর। পূর্ব বর্ধমান জেলাজুড়ে ২০২ জন উপভোক্তাকে কৃষিজ জমির পাট্টা প্রদান করা হয়েছে, যা প্রান্তিক কৃষক ও ভূমিহীন পরিবারের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের ভার্চুয়াল সম্প্রচার শোনার ব্যবস্থা করা হয় পূর্ব বর্ধমান জেলা শাসকের কনফারেন্স রুমে। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। একই সঙ্গে বুধবার একটি সুসজ্জিত উন্নয়ন ট্যাবলোর উদ্বোধন করেন জেলাশাসক আয়েশা রানী এ. সব মিলিয়ে, সিঙ্গুর থেকে ঘোষিত এই উদ্যোগ পূর্ব বর্ধমানে শুধু ঘর নয়– নিশ্চয়তা, মর্যাদা আর উন্নত ভবিষ্যতের স্বপ্ন এনে দিচ্ছে হাজারো পরিবারের জীবনে।








