কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে কড়া বার্তা সুপ্রতীম সরকারের

নতুন পয়গাম, কলকাতা: দায়িত্ব গ্রহণের পরদিনই কলকাতা পুলিশকে কড়া বার্তা দিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার। তাঁর নাম ব্যবহার করে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে কোনও অবস্থাতেই যেন পুলিশ বিশেষ সুবিধা না দেয়, শনিবার এমনই কড়া নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, যতক্ষণ না পুলিশ কমিশনার নিজে কোনও নির্দেশ দিচ্ছেন, ততক্ষণ তাঁর নাম শুনে কেউ যেন সিদ্ধান্ত বদল না করেন।
শনিবার কলকাতা পুলিশের সমস্ত থানা ও ট্রাফিক গার্ডের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সুপ্রতীম সরকার। সেখানেই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি। সূত্রের দাবি, পিক আওয়ারে অফিসার থেকে শুরু করে কনস্টেবল সকলকেই রাস্তায় নেমে ডিউটি করতে হবে এবং সর্বদা দৃশ্যমান থাকতে হবে।
এছাড়াও কোনও ট্রাফিক সংক্রান্ত ঘটনায় থানা ও ট্রাফিক গার্ডের মধ্যে দায়িত্ব এড়িয়ে একে অপরের দিকে দায় ঠেলার প্রবণতা বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, কলকাতা ট্রাফিক পুলিশ একটি ইউনিট হিসেবেই কাজ করবে। প্রশাসনিক শৃঙ্খলার দিকেও বিশেষ গুরুত্ব দিয়ে নতুন সিপি বলেছেন, থানা ও ট্রাফিক গার্ড হল কলকাতা পুলিশের ‘ড্রইং ও লিভিং রুম’, তাই সেগুলি সাজানো ও পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ডিডি এবং এআরএস-কে পুলিশের ‘কিচেন’ হিসেবে উল্লেখ করে সেগুলির রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এতদিন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন মনোজ বর্মা। তাঁকে ডিরেক্টর অব সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নগরপালের দায়িত্ব গ্রহণ করলেন বাঙালি আইপিএস সুপ্রতীম সরকার, যিনি এর আগে রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) ছিলেন।

















































































































