রাজ্য জুড়ে আশাকর্মীদের কর্মবিরতি ও বিক্ষোভ সভা
নতুন পয়গাম, অতসী মণ্ডল: বর্তমানে আশাকর্মীদের কর্মপরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে কাজ না করলে যেমন প্রশ্ন ওঠে, তেমনই কাজ করেও ন্যায্য পারিশ্রমিক না পেলে প্রতিবাদ করার সুযোগ প্রায় নেই। ভাতা আসবে কি আসবে না– এই অনিশ্চয়তার মধ্যেই তাঁদের দিন কাটছে। অসুস্থ হওয়া কিংবা পারিবারিক আনন্দ-উৎসবে অংশ নেওয়াও যেন তাঁদের জীবনে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের একাংশ উচ্চপদস্থ আধিকারিকের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও সরকারের উদাসীন মনোভাব এই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলছে বলে অভিযোগ। এই পরিস্থিতির প্রতিবাদে এবং ভাতা বৃদ্ধি-সহ একাধিক ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের (এআইইউটিইউসি অনুমোদিত) নেতৃত্বে গত ২৩ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে লাগাতার কর্মবিরতি ও বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছেন আশা কর্মীরা। প্রশাসনের নানা বাধা সত্ত্বেও সম্প্রতি তাঁদের আন্দোলন যে ঐতিহাসিক ও গৌরবময় রূপ নিয়েছে, তা রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন। পাশাপাশি পুলিশের হয়রানির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে ‘প্রতিবাদ দিবস’ পালনের ডাকও দেওয়া হয়েছে।
বুধবার প্রায় জেলার বড় শহর গুলোতে প্রতিবাদ কর্মসূচিতে আশা কর্মীদের অংশগ্রহণ দেখা যায়। উত্তর ২৪ পরগণার বসিরহাট, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর, মুর্শিদাবাদের বহরমপুর, মালদার রথবাড়ি, হাওড়ার উলুবেড়িয়া প্রভৃতি স্থানে বিক্ষোভ সমাবেশ করে আশাকর্মীরা। এদিন উলুবেড়িয়া এসডিও অফিসের সামনে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আশা কর্মীরা জমায়েত হয়ে এক বিক্ষোভ সভার আয়োজন করেন। সভায় বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলা আশা কর্মী ইউনিয়নের (আইইউটিইউসি অনুমোদিত) সম্পাদিকা রিনা ভট্টাচার্য, সভানেত্রী মধুমিতা মুখার্জি এবং সহ-সভানেত্রী তহমিনা বেগম। এছাড়াও আশা কর্মীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যব্যাপী শিল্প ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন আইইউটিইউসি হাওড়া জেলা কমিটির সম্পাদক নিখিল বেরা।
সভা শেষে হাওড়া গ্রামীণ জেলা আশা কর্মী ইউনিয়নের সভানেত্রী মধুমিতা মুখার্জির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসডিও অফিসে ডেপুটেশন প্রদান করেন। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ডা. বিশ্বনাথ পড়িয়া, মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মিনতি সরকার এবং বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জয়ন্ত খাটুয়া। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদা জেলা সম্পাদিকা মেহেবুবা খাতুন বলেন, “আশাকর্মীরা গত ২৩শে ডিসেম্বর থেকে বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবীতে কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের অঙ্গ হিসেবে গত ২১শে জানুয়ারি তারা কোলকাতায় স্বাস্থ্য ভবন অভিযান করেন। কিন্তু পুলিশ সেই অভিযানে বাধাদান করে। যার প্রতিবাদে আজ তারা মালদায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আশাকর্মীদের মাসিক নূন্যতম ১৫ হাজার টাকা বেতন সহ একাধিক দাবীতে আন্দোলন করছেন। তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। লাগাতার কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাবেন।” এদিন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় শপথ গ্রহণ করেন আশা কর্মীরা।








