এসএসসি: সুপ্রিম কোর্টে ফের খারিজ অযোগ্যদের আর্জি
নতুন পয়গাম, নয়াদিল্লি:
এসএসসি মামলার নিষ্পত্তি কোনভাবেই হচ্ছে না বা হওয়ার লক্ষ্মণ দেখা যাচ্ছে না। আদালতের নিদান মেনে সিবিআই-এর তৎপরতায় অযোগ্য বা দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তা নিয়েও বিভিন্ন মহল থেকে বিস্তর অভিযোগ রয়েছে। এরই মধ্যে এসএসসি চাকরি বাতিল মামলায় ফের অযোগ্যদের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে যাঁরা রাজ্য সরকারের অন্য দপ্তরের চাকরি ছেড়ে শিক্ষকতা করতে এসেছিলেন এবং সুপ্রিম কোর্টের শিক্ষক নিয়োগ মামলায় যে ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন, তাঁদের আবেদনের শুনানি হবে ২৬ নভেম্বর।

বুধবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধ-এর ডিভিশন বেঞ্চে ফের কয়েকজন চাকরিহারা শিক্ষক আবেদন করেন। শুনানিতে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এখন নতুন করে নিয়োগ পরীক্ষা হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে তার রেজাল্টও বের হবে। একথা শুনে বিচারপতি সঞ্জয় কুমার জানান, এখন আর কিছু করার নেই। তিনি এও বলেন, আদালত অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করেনি, করেছে সিবিআই। আমরাও চাই না, কোনও অযোগ্য চাকরি পাক। এই বলে এদিন অযোগ্যদের দায়ের করা মামলাটি খারিজ করে দেয় শীর্ষ আদালত।
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যাঁরা অন্য সরকারি দপ্তরের চাকরি ছেড়ে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন, তাঁরা চাইলে আবেদনের ভিত্তিতে পুরনো দপ্তরের চাকরিতে পুনরায় ফিরে যেতে পারেন। জানা গিয়েছে, এদেরই একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।








