হারিয়ে যাচ্ছে সামাজিক মূল্যবোধ, উত্তরণ জরুরী
দীন মহাম্মদ সেখ
সামাজিকতা বলতে আমরা বুঝি সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং সম্মিলিতভাবে কাজ করার প্রক্রিয়া, যা সুস্থ সামাজিক জীবন ও সমাজের স্থিতিশীলতার জন্য ভীষণভাবে অপরিহার্য।
সেইসাথে অপরিহার্য মানবিক মূল্যবোধেরও। যে মূল্যবোধ মানুষকে পরস্পর বেঁধে রাখে সুশৃঙ্খলভাবে, একাত্ম করে। কিন্তু কালক্রমে আমরা সেই সামাজিকতার মূল্যবোধের বেড়াজাল থেকে ক্রমশ বেরিয়ে যাচ্ছি, হারিয়ে ফেলছি নৈতিকতা, বিবেকবোধ। আধুনিকতার আঁচে আমাদের দৈনন্দিন জীবনযাপনের ব্যাপ্তি পাল্টাচ্ছে ঠিকই, তবে সভ্য হয়েও ন্যায়নীতি থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি — এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে ছোট হচ্ছে জীবন, গুরুত্ব হারাচ্ছে বাঁচার পরিসর। সত্যিই আমরা এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ থেকে উত্তরণের পথ দরকার।
আমাদের যাপিত জীবনে সামাজিক মূল্যবোধের পাশাপাশি দায়বদ্ধতাও কম থাকে না। আমরা সমাজবদ্ধ জীব। একটা রাষ্ট্র গঠনে সুনাগরিক গড়ে তুলতে মূল্যবোধের বীজ রোপিত হয় এই সমাজেই। তাই আমাদের পরবর্তী প্রজন্মকে নৈতিকতা ও মূল্যবোধের পাঠ দেওয়া অত্যন্ত জরুরী। কিন্তু আমরা আধুনিকতার সাথে সাথে মনুষ্যত্ব ও সামাজিকতা বোধের সেই পাঠ হারিয়ে ফেলছি। সভ্যতার অগ্রগতির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমাদের ফ্যাশনেবল লাইফস্টাইল। কিন্তু সংকীর্ণ হচ্ছে আমাদের সামাজিক ও মানসিক চিন্তাধারা। উন্নত প্রযুক্তিবিদ্যার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সংকীর্ণ হচ্ছে আমাদের বেঁচে থাকার রসদ, অনুভূতিগুলো কেমন যেন রোবোটিক হয়ে যাচ্ছে। পাল্টে যাচ্ছে আমাদের জীবনের রোডম্যাপ। ভেঙে যাচ্ছে সামাজিকতার বন্ধন ও বেড়াজাল। আমাদের বেঁচে থাকার মূল্যবোধ, সামাজিকতা, ন্যায়নীতির এহেন অবক্ষয় সর্বোচ্চ ছড়িয়ে পড়ছে মারণ ব্যাধির মতো। সমগ্র পৃথিবী যেন সংকীর্ণ হতে হতে গ্লোবের মধ্যে ঢুকে পড়ছে। এ থেকে উত্তরণ বা পরিত্রাণের কি কোনো উপায় নেই? মনে প্রশ্ন জাগে। কেনই-বা আমরা এত সামাজিক অবক্ষয়ের কিনারে চলে যাচ্ছি দিনের পর দিন! ভাবতে হবে সকলকে। সামাজিক মূল্যবোধের এই অবক্ষয়ের গতি শ্লথ হোক — এটাই কাম্য। সেই সাথে আমাদের সামাজিক পারস্পরিক দায়িত্ব ও শ্রদ্ধাবোধে গড়ে উঠুক সুন্দর একটা পৃথিবী — এটাই সময়ের দাবি।








