পথশ্রী প্রকল্পে নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগে চাঞ্চল্য
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়িঃ
নাগরাকাটা ব্লকের আংরাভাষা গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণের কাজে ব্যাপক বেনিয়ম ও নিম্নমানের নির্মাণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে চা-বাগান এলাকায় একাধিক প্রকল্প গ্রহণ করলেও সেই অঞ্চলে রাস্তা নির্মাণের কাজে এমন অনিয়ম সামনে আসায় ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মধ্যে।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৪.৩ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছে কলাবাড়ি চা বাগান হাই স্কুল থেকে প্রভাত শর্মার বাড়ি পর্যন্ত। কিন্তু সেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ– সরকারি নির্দেশিকা অনুযায়ী কাজ না করে ধুলো-মাটির উপরেই পিচ ঢালাই করা হয়েছে। কোথাও মাত্র এক ইঞ্চি, কোথাও আধ ইঞ্চি, এমনকি কোথাও খুব সামান্য পিচের লেপ দেওয়ায় হাতে একটু চাপ দিতেই উঠে আসছে পিচের পুরো স্তর। নিয়ম অনুযায়ী পুরনো রাস্তার অংশ তুলে পাথরের বেস তৈরি করে নতুন ঢালাই করার কথা থাকলেও তা মানা হয়নি বলে দাবি।
এদিন সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তার পিচ হাতে তুলে দেখান। তাদের অভিযোগ, কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার কাছে শিডিউল চাইলে তারা তা দেখাতে অস্বীকার করেন।
দীর্ঘদিন ধরেই বেহাল এই রাস্তার কারণে বর্ষাকালে চরম দুর্ভোগে পড়তেন হাজারো মানুষ। বহুবার আবেদন ও ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতেও রাস্তা সংস্কারের দাবি তোলেন বাসিন্দারা। সেই দাবি মেনে সরকার দেড় কোটি টাকা বরাদ্দ করলেও নিম্নমানের কাজ হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
অভিযোগ জানানো হয়েছে নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুরকে। তিনি জানান, “সরকার ভালোভাবে কাজ করার জন্যই টাকা বরাদ্দ করেছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তথ্য বিডিও-কে জানানো হয়েছে বলেও জানান তিনি।
নিম্নমানের রাস্তা নির্মাণের এই অভিযোগের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলেছে এলাকাবাসী।







