৫ দফা দাবিতে পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে এসডিপিআই-এর ডেপুটেশন
রহমতুল্লাহ,
নতুন পয়গাম, সাগরদিঘী:
রাজ্য সরকার ও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবায় অনিয়মের অভিযোগ তুলে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। মঙ্গলবার সাত সদস্যের প্রতিনিধি দল পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে প্রধান মিরা খাতুনের হাতে লিখিত দাবিপত্র তুলে দেয়।
প্রতিনিধি দলের অভিযোগ, জন্মসনদ প্রদানে অনিয়ম চলছে, বাংলা সহায়তা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পরিষেবা মেলে না, অনেক প্রবীণ ও বিধবা এখনও সরকারি ভাতার সুবিধা পাচ্ছেন না। পাশাপাশি অনেক গ্রামীণ শ্রমিক এখনও জব কার্ড পাননি এবং নিয়মিত গ্রামসভা হয় না। সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগও তুলেছেন তাঁরা।
ডেপুটেশনের দাবিগুলি শুনে পঞ্চায়েত প্রধান মিরা খাতুন জানান, বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের সমস্যা ও সরকারি পরিষেবা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, জনপরিষেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে এই ডেপুটেশন তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে।








