নিম্নমানের রাস্তার কাজে বিক্ষোভ, কাজ বন্ধ করে দিল গ্রামবাসী
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়িঃ
ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালামাটিতে নিম্নমানের রাস্তা সংস্কারের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। শুক্রবার সকালে গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন। অভিযোগ, নতুন করে পিচ করার পর হাত দিয়ে টান দিতেই উঠে আসছে পুরো পিচের স্তর। শুধু তাই নয়, পিচের মধ্যে বড় বড় পাথর মেশানো হচ্ছে বলেও দাবি স্থানীয়দের।
গ্রামবাসীদের অভিযোগ, রিপেয়ারিংয়ের নামে চলছে চরম গাফিলতি। রাস্তার মান এতটাই খারাপ যে পিচের আস্তরণ প্রায় নেই বললেই চলে। বিক্ষুব্ধ গ্রামবাসী ভূপেষ অধিকারী বলেন, “ধুলাবালির ওপর খুব সামান্য পিচ দেওয়া হয়েছে। বড় বড় পাথর মিশিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। আমরা চাই সঠিকভাবে কাজটি হোক।”
আরেক গ্রামবাসী অলেশ রায়ের অভিযোগ, “রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের। স্থানীয় বাসিন্দাদের দাবি—রাস্তাটি নতুন করে সঠিক মান বজায় রেখে তৈরি করতে হবে।”
ঘটনার পর আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। খবর প্রকাশ্যে আসার পর ঠিকাদার সংস্থা ও প্রশাসন কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই তাকিয়ে দক্ষিণ কালামাটির বাসিন্দারা।








