প্রয়াত অজিতের দফতর দাবি এনসিপি-র মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর দরবারে প্রফুল-ভুজবলরা
নতুন পয়গাম, মুম্বই: বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের প্রয়াণের পর মরাঠা রাজনীতির সমীকরণ বদলাতে শুরু করেছে। জল্পনা ছিল, অজিতের মৃত্যুর পর তাঁর কাকা শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠীর সঙ্গে দলটির পুনর্মিলন ঘটতে পারে। কিন্তু শুক্রবার সেই জল্পনায় জল ঢেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের সরকারি বাসভবন ‘বর্ষা’-য় গিয়ে এনসিপি-র গুরুত্বপূর্ণ দফতরগুলো দাবি করলেন দলের শীর্ষ নেতারা।
প্রাক্তন মন্ত্রী প্রফুল পটেল, ছগন ভুজবল এবং সুনীল তটকরে এদিন বিজেপির মুখ্যমন্ত্রী ফড়ণবিশের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। উল্লেখ্য, অজিত পওয়ারের হাত ধরে যারা এনডিএ জোটে শামিল হয়েছিলেন, তাঁদের মধ্যে প্রফুল পটেল অন্যতম। মহারাষ্ট্র মন্ত্রিসভায় অজিত পওয়ারের হাতে অর্থ, আবগারি ও ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ দফতর ছিল। এনসিপি নেতৃত্বের দাবি, জোটের ভারসাম্য বজায় রাখতে ওই দফতরগুলি তাঁদের হাতেই রাখতে হবে।
বৈঠক শেষে প্রফুল পটেল জানান, “আমরা মহাজুটি জোটের সহযোগী। অজিত পওয়ারের শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জনআবেগ এবং পওয়ার পরিবারের শোকের বিষয়টি বিবেচনা করতে হবে।” পাশাপাশি দলের ভেতরে অজিতের স্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুনেত্রা পওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার দাবিও জোরালো হচ্ছে। মহারাষ্ট্রের মন্ত্রী নরহরি জিরওয়াল মনে করেন, সুনেত্রাকে এই পদে বসানোই হবে প্রয়াত নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা। তবে এদিনের বৈঠকে সুনেত্রার নাম নিয়ে সরাসরি কোনো দাবি তোলা না হলেও, এনসিপি-র এই সক্রিয়তা স্পষ্ট করে দিয়েছে যে, তাঁরা শরদ পওয়ারের শিবিরে ফিরে যাওয়ার বদলে জোটে নিজেদের অবস্থান সংহত করতেই বেশি আগ্রহী।








