আমাদের পাড়া, আমাদের সমস্যা
নতুন পয়গাম, কলকাতা, ১২ সেপ্টেম্বর:
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এর পাল্টা ‘আমাদের পাড়া আমাদের সমস্যা’ কর্মসূচি নিয়ে চমক দিল সিপিএম। এই স্লোগানকে সামনে রেখে কলকাতার কাশীপুর বেলগাছিয়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার খোঁজ নিলেন স্থানীয় সিপিএম নেতা-কর্মীরা। তারা এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন, সমস্যা সমাধানে মানুষের পরামর্শ নিচ্ছেন এবং জনমত গঠনের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এই অভিনব অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা বিষয় সই সংগ্রহের কাজ চলছে।
উল্লেখ্য, আর মাস ছয়েক পর রাজ্যে বিধানসভা ভোট। সেই লক্ষ্যেই সব রাজনৈতিক দল নিত্যনতুন কর্মসূচি ও পরিকল্পনা করছে। রাজ্য সরকার ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ভাল সাড়া পড়ায় এবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি নিয়ে রাজ্যজুড়ে শিবির পরিচালনা করছে। এই খাতে মোট ৮ হাজার কোটি টাকা খরচ করবে নবান্ন। এর মধ্যে এক হাজার কোটি ছেড়েছে। এতে ভালই সাড়া পড়ছে জেলায় জেলায়। আবার অনেক জায়গায় স্থানীয় সমস্যা নিয়ে ক্ষোভ বা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিক্ষোভও দেখা যাচ্ছে শিবিরে।
সিপিএমের অভিযোগ, পাড়ায় পাড়ায় তৃণমূলের তোলাবাজি, লুট, রাহাজানিতে তিতিবিরক্ত মানুষকে বিভ্রান্ত করে ভোট হাতানোর ফন্দি এঁটে পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে হাজির হয়েছে তৃণমূল। তার জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দের পাশাপাশি লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে বিজ্ঞাপনে। সমগ্র প্রকল্পের জন্য বরাদ্দ টাকা খরচের দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের না দিয়ে তৃণমূল নেতাদের হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার বিরোধিতায় সরব হয়েছে সিপিএম।
কাশীপুর বেলগাছিয়ার বামপন্থী কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, তৃণমূলের এই অভিসন্ধির বিরুদ্ধে ‘আমাদের পাড়া আমাদের সমস্যা’ স্লোগানকে সামনে রেখে কলকাতার বিভিন্ন এলাকায় জনজীবনের প্রকৃত সমস্যা ও সঙ্কটের বিষয়গুলি তুলে ধরতে স্বাক্ষর সংগ্রহ থেকে নানা. কর্মসূচি নিয়ে চলেছে সিপিএম। কারণ, তৃণমূল আমলে সাধারণ মানুষের সমস্যা চরম পর্যায়ে পৌঁছেছে। তাই পাড়ায় সমাধানের বিপরীতে আমরা মানুষের প্রকৃত সমস্যাগুলি চিহ্নিত করে তা সমাধানের দাবি তুলছি।








