নয়াদিল্লির বিকল্প প্রস্তাব, শুল্ক-খাঁড়া এড়াতে ভেনেজুয়েলা-ইরানের তেল কিনতে দিক আমেরিকা
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর:
ভারত থেকে মার্কিন মুলুকে রফতানি হওয়া পণ্যসামগ্রীর ওপর দু-দফায় ৫০ শতাংশ শুল্ক বা কর আরোপ করেছে আমেরিকা। কারণ, ভারত সরকার রাশিয়া থেকে সস্তায় তেল কেনে। ট্রাম্প প্রশাসনের এই অতিরিক্ত শুল্কের বোঝা এড়াতে এবার বিকল্প প্রস্তাব দিল ভারত। জানা গিয়েছে, রাশিয়ার বিকল্প হিসেবে ইরান এবং ভেনেজুয়েলা থেকে তেল কেনায় ছাড়পত্র দিক মার্কিন প্রশাসন।
ব্লুমবার্গ জানিয়েছে, ওয়াশিংটন সফরে গিয়ে এমনই প্রস্তাব দিয়েছেন ভারতীয় প্রতিনিধিদল। যদিও ইরান এবং লাতিন দেশ ভেনেজুয়েলার সঙ্গে বিশেষ করে ট্রাম্পের সম্পর্ক একেবারেই সাপে নেউলে। দুই দেশের উপরেই রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। ট্রাম্প প্রশাসন আদৌ ভারতের প্রস্তাব মেনে এ ব্যাপারে ছাড়পত্র দেবে বলে মনে হয় না।
ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল কেনার অপরাধে ভারতের ওপর ক্ষুব্ধ হয়ে ট্রাম্পের আমেরিকা অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। যদিও ভারত পাল্টা যুক্তি দেখিয়ে প্রমাণ করেছে যে, ইউরোপের অনেক দেশ রাশিয়ার তেল কিনলেও তাদের ওপর নিষেধাজ্ঞা কিংবা অতিরিক্ত শুল্ক চাপানো হয়নি। কিন্তু আমেরিকা সে কথা শুনতে রাজি নয়।








