নতুন ওবিসি তালিকায় সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বঞ্চনার অভিযোগে সাংসদকে ডেপুটেশন
নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
নতুন ওবিসি তালিকায় পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বঞ্চনা করা হয়েছে— এই অভিযোগ জানিয়ে পিআইবি (PIB) মুর্শিদাবাদ টিম বুধবার (১ অক্টোবর) সাংসদ আবু তাহের খানের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করে।
পিআইবি’র অভিযোগ, নতুন তালিকা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন কার্যত আর সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত থাকছে না। এর ফলে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে চাকরির ক্ষেত্রেও সংখ্যালঘুদের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। তাঁদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে পিছিয়ে পড়া সংখ্যালঘু জনগোষ্ঠীর উন্নয়ন প্রক্রিয়া থমকে যাবে।
ডেপুটেশনে দাবি জানানো হয়, নতুন ওবিসি তালিকা অবিলম্বে বাতিল করে আগের ওবিসি এ ও ওবিসি বি তালিকা ফিরিয়ে আনতে হবে। একইসঙ্গে রাজ্য সরকারকে আইনি ব্যাখ্যা প্রস্তুত করে প্রকৃত পিছিয়ে পড়া মানুষের সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সাংসদ আবু তাহের খান পুরো বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন এবং পিআইবি প্রতিনিধিদের দাবির প্রতি একমত প্রকাশ করেন। তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর সংরক্ষণ তাঁদের ন্যায্য অধিকার এবং মুখ্যমন্ত্রীর কাছে এই বঞ্চনার বিষয়টি তিনি তুলে ধরবেন।
এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন পিআইবির রাজ্য কোর কমিটির সদস্য আনিসুর রহমান ও মনসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সদস্য ইকবাল মন্ডল, ইকবাল আনসারী, সুজাউদ্দিন আহমেদ, হাপেজুল হালসানা, আজহারউদ্দিন সেখ, সাব্বির আহমেদ, সহেলী পারভীন, সালমা খাতুন প্রমুখ।
পিআইবির মুর্শিদাবাদ জেলা্র অন্যতম দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমান বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম অব্যাহত থাকবে।”








