মুর্শিদাবাদের রেল দুরবস্থা নিয়ে সরব সাংসদ আবু তাহের
নতুন পয়গাম, ১০ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার যাত্রীসেবার মানোন্নয়নে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে জরুরি হস্তক্ষেপের দাবি জানালেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। বুধবার তিনি রেলমন্ত্রীকে একটি চিঠি দিয়ে শিয়ালদাহ–লালগোলা (পূর্ব রেল) রুটে মেমু ট্রেন পুনর্বহাল এবং ভগবানগোলা রেলস্টেশনে যাত্রী সুবিধা উন্নয়নের জন্য বিস্তারিত প্রস্তাব পেশ করেন।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, মেমুর পরিবর্তে ইএমইউ (টয়লেটবিহীন) চালু হওয়ায় ৬-৭ ঘণ্টার দীর্ঘ যাত্রায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নারী, গর্ভবতী মহিলা, প্রবীণ ও রোগীদের জন্য শৌচাগারের অভাব অত্যন্ত অস্বাস্থ্যকর এবং স্বচ্ছ ভারত মিশনের ভাবনার পরিপন্থী। তাই তিনি অবিলম্বে মেমু রেক চালু করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া ভগবানগোলা রেলস্টেশনে মৌলিক সুবিধার অভাব নিয়ে তিনি তীব্র উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে তিনি পিআরএস টিকিট কাউন্টার বাড়ানো, প্ল্যাটফর্মে শেড তৈরি, নিরাপদ পানীয়জল সরবরাহ, বসার ব্যবস্থা বাড়ানো, পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার প্রস্তাব দেন। অনেক সময় স্টেশনে কম আলোর কারণে রাতের বেলা যাত্রীরা অনিরাপদ বোধ করেন।
সাংসদ আবু তাহের খান বলেন, “প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। তবু ন্যূনতম সুযোগ-সুবিধা নেই। যাত্রীদের মর্যাদা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”
তিনি রেলমন্ত্রীকে অনুরোধ করেছেন, শিয়ালদাহ–লালগোলা রুটে মেমু ট্রেন দ্রুত পুনর্বহাল করা এবং ভগবানগোলা রেলস্টেশনে যাত্রীসুবিধা অবিলম্বে উন্নয়ন করার জন্য রেলমন্ত্রক যেন দ্রুত ব্যবস্থা নেয়।








