প্রজাতন্ত্র-অনুষ্ঠানে গান্ধীকে নিয়ে কুরুচিকর গান বিতর্কে মধ্যপ্রদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়
নতুন পয়গাম, নয়াদিল্লি: গত ২৬ জানুয়ারি দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহাত্মা গান্ধীকে নিয়ে কুরুচিকর গান গেয়ে তীব্র বিতর্কের মুখে পড়ল মধ্যপ্রদেশের এক সরকারি প্রাথমিক স্কুল। তেন্দুখেরার জামুনপানি সরকারি প্রাথমিক স্কুলের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
রিপোর্ট অনুযায়ী, ২৬ জানুয়ারি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়ারা এমন কিছু প্যারোডি গান গায়, যাতে মহাত্মা গান্ধী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অন্তত পাঁচটি গানের কথা এমনভাবে বদলে দেওয়া হয়েছে, যা প্রজাতন্ত্র দিবসের মর্যাদার সঙ্গে সম্পূর্ণ বেমানান। জেলা প্রশাসন ও শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরা এই ঘটনায় স্তম্ভিত।
স্কুলের প্রধান শিক্ষক দীনেশ ঠাকুর দাবি করেছেন, পড়ুয়ারা এই পারফরম্যান্সের জন্য কোনো মহড়া বা প্রস্তুতি নেয়নি। তাঁর দাবি, যখন ওই বিতর্কিত গানটি গাওয়া হচ্ছিল, তখন তিনি অন্য একটি ক্লাসরুমে ছাত্রদের শাসন করতে গিয়েছিলেন। তাঁর অদ্ভুত দাবি, গ্রামবাসীর ‘বিনোদনের’স্বার্থে গান গাইতে বলা হয়েছিল, কিন্তু গানের কথা যে এমন হবে, তা তিনি জানতেন না। উল্লেখ্য, এই স্কুলে ৪৫ জন পড়ুয়ার বিপরীতে মাত্র দু’জন শিক্ষক রয়েছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসতে জেলাশাসক রজনী সিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তেন্দুখেরার তহশিলদার নির্মল পাটল এবং ব্লক শিক্ষা আধিকারিক পঞ্চম সিং মারাবির নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। তাঁরা ইতিমধ্যে স্কুলে গিয়ে বয়ান রেকর্ড করেছেন। তদন্তকারী দল নিশ্চিত করেছে, গান্ধীজিকে নিয়ে ব্যবহৃত গানের শব্দগুলো অত্যন্ত কুরুচিকর। তদন্ত রিপোর্ট জমা পড়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।








