হুগলি বার অ্যাসোসিয়েশনের পরিচালনায় নকআউট ক্রিকেট
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ হুগলি বার অ্যাসোসিয়েশনের পরিচালনায় নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় এবার আইনজীবীদের সরাসরি মাঠে ময়দানে দেখা যাবে। আগামী শনি ও রবিবার দুইদিনের নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে চুঁচুড়া সেকেন্ড গ্রাউন্ডে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে হুগলি বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কমল গায়েন জানান, পশ্চিমবঙ্গের ১৬টি জেলার বার অ্যাসোসিয়েশনের আইনজীবী সদস্যেরা এই খেলায় অংশগ্রহণ করবেন।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকবেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, হুগলি জেলা ও দায়রা বিচারক অমিত চক্রবর্তী, চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার কোটেশ্বর রাও, হুগলির জেলা শাসক খুরশিদ আলি কাদরি সহ বিশিষ্টজনেরা। আইনজীবীদের মধ্যে থেকে ১৬ টি দলের নকআউট পর্যায়ের খেলা হবে দুদিন ধরে। হুগলি বার অ্যাসোসিয়েশনের মহিলা আইনজীবীদের একটি প্রদর্শনী ম্যাচ সহ তিনটি প্রদর্শনী ম্যাচও অনুষ্ঠিত হবে। শুক্রবার সেই খেলার জার্সি উন্মোচন করা হয়।উপস্থিত ছিলেন হুগলি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ প্রসাদ সহ অন্যান্য সদস্যেরা। সভাপতি আইনজীবী কমল গায়েন বলেন, আইনজীবীরা আদালতে লড়াইয়ের পাশাপাশি দুইদিন মাঠেও কামাল করবেন।








