সোনামুখীতে বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনায় পাল্টা অবরোধ তৃণমূলের
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার পাল্টা পথে নামল তৃণমূল কংগ্রেস ও এলাকার সাধারণ মানুষ। বিধায়কের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগ তুলে বৃহস্পতিবার সোনামুখীর নফরডাঙ্গা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে বিধায়কের দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান অবরোধকারীরা। উল্লেখ্য, গত সোমবার বাঁকুড়ার সোনামুখী বিধানসভার মহেশপুর বুথ এলাকায় এক দুস্থ গ্রামবাসীকে হুইলচেয়ার দিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। ফেরার পথে কয়েকজন গ্রামবাসী তাঁর গাড়ি ঘিরে ধরে গালিগালাজ ও ইট-পাটকেল ছোড়ে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় বিধায়ক সোনামুখী থানায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তৃণমূলের দিকে দোষ চাপিয়ে সোনামুখী চৌরাস্তা মোড়ে বিজেপি কর্মীদের নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধও করেন।
এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবে হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দিতেই বিধায়ক মহেশপুরে গিয়েছিলেন। তাঁদের অভিযোগ, নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর দাবি, মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপির দিকে ঝুঁকছেন বলেই তৃণমূল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বলেন, “পাঁচ বছরে বিধায়ক কোনও উন্নয়ন করেননি। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে মানুষ প্রতিবাদ করবেই।” এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুখীতে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।








