স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, গ্রেফতার স্বামী
নতুন পয়গাম, নদিয়াঃ বিউটি পার্লার থেকে বেরিয়ে খাবার আনতে যাওয়ার সময় স্বামীর ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত এলাকায়। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, আহত মহিলার নাম ঝুমা মল্লিক (হাজরা)। তাঁর বাড়ি হাঁসখালি থানার এলাকায়। ঝুমার সঙ্গে ধানতলা থানার অন্তর্গত মাজদিয়া এলাকার বাসিন্দা বুদ্ধিশ্বর হাজরার বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য কলহের জেরে প্রায় ৬ বছর ধরে তাঁদের মধ্যে কোনও সম্পর্ক ছিল না। সেই কারণে ঝুমা বাবার বাড়িতেই থাকতেন এবং পেশায় একটি বিউটি পার্লারে কাজ করতেন।
অভিযোগ, রবিবার রাতে কাজের ফাঁকে বিউটি পার্লার থেকে বেরিয়ে টিফিন আনতে দোকানের সামনে যেতেই হঠাৎ তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন স্বামী বুদ্ধিশ্বর হাজরা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন তিনি। ঝুমার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেন।
রক্তাক্ত অবস্থায় ঝুমাকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
কী কারণে এই হামলা, তা জানতে তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।








