প্রাক্তন সেনা ক্যাপ্টেনকে শুনানির নোটিশ
নতুন পয়গাম, মোহাম্মদ সানাউল্লা, নলহাটি: ভারতীয় সেনাবাহিনীতে টানা ২৮ বছর নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কর্তব্য পালন করে কেন্দ্রীয় সরকারের অধীনে দেশের সীমানা রক্ষার গুরুদায়িত্ব সামলে অবসর গ্রহণ করেছিলেন তিনি। ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পরও কি তাঁকে আবার প্রমাণ করতে হবে তিনি একজন প্রকৃত ভারতীয়?– এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে বীরভূম জেলার নলহাটি ২ নম্বর ব্লকের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনা ক্যাপ্টেন বদরুজ্জামানকে ঘিরে। জানা গেছে, প্রাক্তন সেনা অফিসার বদরুজ্জামান বৈধ সমস্ত নথিপত্র যাচাইয়ের পরই ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছিলেন এবং দীর্ঘ ২৮ বছর দেশসেবায় নিয়োজিত ছিলেন। অথচ অবসর গ্রহণের পর সম্প্রতি তাঁকে এসআইআর (SIR) তথ্য যাচাই সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়ে হাজির হতে বলা হয়েছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্যাপ্টেন বদরুজ্জামান। তিনি বলেন, “দেশের জন্য জীবনের সেরা সময়টা উৎসর্গ করেছি। সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় আমার সমস্ত নথিপত্র কঠোরভাবে যাচাই করা হয়েছিল। আজ অবসর নেওয়ার পর যদি আমাকে ভারতীয় প্রমাণ দিতে হয়, তবে তা শুধু আমার ব্যক্তিগত অপমান নয়– এতে দেশের সেনাবাহিনীর সম্মানও প্রশ্নের মুখে পড়ে।” এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ। সাধারণ মানুষের প্রশ্ন, যিনি দীর্ঘদিন দেশের সীমান্ত রক্ষা করেছেন, তাঁর নাগরিকত্ব নিয়ে কীভাবে প্রশ্ন উঠতে পারে? অনেকেই মনে করছেন, এই ঘটনা প্রশাসনিক ব্যবস্থার উপর যেমন প্রশ্ন তুলছে, তেমনই সেনাবাহিনীর প্রতি সমাজের শ্রদ্ধাবোধকেও আঘাত করছে।








