ডিব্রুগড়ে রেডক্রস সোসাইটির উদ্যোগে চক্ষুপরীক্ষা
নতুন পয়গাম, এম হাশিম আলী, ডিব্রুগড়: ভারতীয় রেড ক্রস সোসাইটির ডিব্রুগড় শাখার উদ্যোগে চক্ষুপরীক্ষা ও চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার । শিবিরটি অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের নেত্রলজি বা চক্ষু রোগ বিভাগের সহযোগিতায় এবং চিআইএচএফ ও বিচিপিএল ইউনিটের ঘনিষ্ঠ সমন্বয়ে চিআইএচএফ টাউনশিপ, লেপেটকটা, ডিব্রুগড় চৌহদে আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে রেডক্রস ডিব্রুগড়ের সভাপতি ডা. পঙ্কজ কুমার শ্রুতি চোখের গুরুত্ব সম্পর্কে জানিয়ে বলেন, কঠোর দায়িত্ব ও কর্মব্যস্ততার কারণে নিরাপত্তা কর্মীরা প্রায়শই নিয়মিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হন। তাই এই শিবিরের মাধ্যমে তাদের জন্য একটি ছোট কিন্তু অর্থপূর্ণ সহায়তা প্রদানের চেষ্টা করছে। রেডক্রস ডিব্রুগড়ের সহ-সভাপতি ডা. মহেশ কুমার জৈন সুস্থ জীবনের জন্য স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের পিজিটির ডা. আহিদুর রহমান এবং ডা. তানজিমা আহমেদ দৈনন্দিন জীবনে চোখের যত্ন বিষয়ে বক্তব্য দেন এবং নিয়মিত চোখ পরীক্ষার পরামর্শ দেন। তারা বলেন, চোখ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। রেডক্রস সচিব অনুজ কুমার বৰুৱা শিবিরের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপুঞ্জয় বৰুৱা, সমীর কুমার শর্মা, প্রদীপ কুমার দেব গোস্বামী, ডা. সুলতানা হাজারিকা এবং প্রাবল দাস। ৩০ জন পুরুষ ও ১৫ জন মহিলার চক্ষু পরীক্ষা করা হয়।







